ঢাকা | আগস্ট ১৯, ২০২৬ - ৫:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

জামায়াতে ইসলামী নিয়ে আব্দুল্লাহিল আমান আজমীর মন্তব্যে নতুন বিতর্ক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, August 18, 2026 - 5:34 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 28 বার
মো. নাসির, প্রতিনিধি : জামায়াতে ইসলামীকে নিয়ে দলটির সাবেক আমির অধ্যাপক গোলাম আজমের ছেলে আব্দুল্লাহিল আমান আজমীর একটি মন্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তিনি বলেছেন, “এই জামায়াতে ইসলামী আগের জামায়াতে ইসলামী নয়, এখন সব টাউট বাটপারের দখলে চলে দলটি।”
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্ট ও ভিডিওতে আজমীর এই বক্তব্য সামনে আসে। তার এমন মন্তব্যকে কেন্দ্র করে দলটির বর্তমান নেতৃত্ব, সাংগঠনিক কাঠামো এবং রাজনৈতিক অবস্থান নিয়ে নানা প্রশ্ন তুলছেন অনেকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে একাংশ আজমীর বক্তব্যের সঙ্গে সহমত প্রকাশ করে দাবি করছেন, দলটির ভেতরে আদর্শগত ও সাংগঠনিক পরিবর্তন ঘটেছে। অন্যদিকে, অনেকে এ বক্তব্যকে কঠোর ও বিতর্কিত আখ্যা দিয়ে বলছেন, কোনো নির্দিষ্ট তথ্য বা ঘটনার উল্লেখ ছাড়া এমন ভাষা রাজনৈতিক বিভ্রান্তি বাড়াতে পারে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গোলাম আজমের পরিবারের একজন সদস্য হিসেবে আব্দুল্লাহিল আমান আজমীর মন্তব্য বিশেষ গুরুত্ব বহন করে। কারণ, দীর্ঘদিন ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতি, নেতৃত্ব এবং দলীয় পরিচিতি নিয়ে দেশে নানা পর্যায়ে বিতর্ক রয়েছে। সাম্প্রতিক এই বক্তব্য সেই আলোচনাকে আবার সামনে নিয়ে এসেছে।
তবে আজমী কাদের উদ্দেশে বা কোন ঘটনার প্রেক্ষাপটে “টাউট বাটপার” শব্দটি ব্যবহার করেছেন, তা স্পষ্ট নয়। এ বিষয়ে তার বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আজমীর মন্তব্যের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দলটির কোনো দায়িত্বশীল নেতা মন্তব্যটি নিয়ে প্রকাশ্যে কথা বলেননি বলেও জানা গেছে।
এদিকে, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। কেউ এটিকে দলটির অভ্যন্তরীণ অসন্তোষের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন—বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের স্পষ্ট ব্যাখ্যা দেওয়া প্রয়োজন।