মির্জাপুরে টানা ৬ মাসের অনৈতিক সম্পর্কের গৃহবধূ ৫ মাসের অন্তঃসত্ত্বা
স্টাফ রিপোর্টার:টাঙ্গাইলের মির্জাপুরে টানা ৬ মাসের অনৈতিক সম্পর্কে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে (২৩) কে ৫ মাসের অন্তঃসত্ত্বা করেছে। এমন অভিযোগ ওঠেছে মাসুদ আলী (২৮) নামের এক যুবকের বিরুদ্ধে।
এ ঘটনায় রোববার (২৩ আগস্ট) ওই নারীর মা বাদী হয়ে মির্জাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত মাসুদ আলী উপজেলার আনাইতারা গ্রামের আলী হোসেনের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ৫ বছর আগে মানিকগঞ্জ সদর উপজেলার এক ব্যক্তির সঙ্গে ওই নারীর পারিবারিক বিয়ে হয়। তার স্বামী গোড়াই এলাকার একটি শিল্পকারখানায় চাকরি করেন। সেই সুবাদে গৃহবধূ বাবার বাড়ি আনাইতারা গ্রামেই বসবাস করতেন।
একই গ্রামের বাসিন্দা মাসুদ তাকে বিভিন্ন সময়ে প্রেমের প্রস্তাব দিত এবং একপর্যায়ে তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। সুযোগ বুঝে মাসুদ গভীর রাতে ওই গৃহবধূর ঘরে প্রবেশ করে টানা ৬ মাস তাকে ধর্ষণ করে। সম্প্রতি গৃহবধূ ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে মাসুদ তার সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়। বিষয়টি মাসুদের পরিবারকে জানানো হলে তারা গর্ভের সন্তান নষ্ট করার চক্রান্ত শুরু করে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী গৃহবধূ গণমাধ্যমকে বলেন, “মাসুদ রাতে এসে মুখ ও হাত বেঁধে আমাকে জোরপূর্বক ধর্ষণ করত। সে এখন যোগাযোগ বন্ধ করে দিয়েছে। আমাকে বিয়ে না করলে আত্মহত্যা ছাড়া উপায় থাকবে না। বিচার চাইতে তাদের বাড়িতে গেলে তার মা আমাকে মারতে আসেন। আমি এর সুষ্ঠু বিচার চাই।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।








