বারহাট্টায় লাইসেন্স বিহীন পশুখাদ্য বিক্রি করায় চার ব্যবসায়ীকে জরিমানা
মামুন কৌশিক নেত্রকোনা: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় লাইসেন্স ছাড়া পশু খাদ্য বিক্রয়ের দায়ে ৪ ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বাউসি ইউনিয়নের বাউসি বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বাউসি ইউনিয়নের বাউসি বাজারে লাইসেন্সবিহীন পশুখাদ্য বিক্রয় করে আসছেন মো:ফয়সাল(২৩),মো: খাইরুল(৪৫),মো: সুমন খান(৩২),আব্দুল খালেক(৭০) নামের চারজন ব্যবসায়ী এমন তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযুক্ত চার ব্যবসায়ীকে মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০ এর ৪ ধারা অনুযায়ী ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বারহাট্টা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাজেদুল ইসলাম । এসময় প্রসিকিউশন করেন বারহাট্টা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মো: মমিনুর রহমান ।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মো: মমিনুর রহমান বলেন,বারহাট্টার হাট বাজারগুলোতে লাইসেন্সবিহীন বহু ফার্মেসি গড়ে উঠেছে। সেগুলোতে ক্ষতিকারক প্রাণী খাদ্য ও ওষুধ বিক্রি হচ্ছে। প্রান্তিক অঞ্চলের কৃষক ও খামারিরা এসব দোকানে গিয়ে প্রতারিত হচ্ছেন। নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে এমন অভিযান অব্যাহত থাকবে।








