ঢাকা | সেপ্টেম্বর ৭, ২০২৬ - ৪:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

হিন্দু সম্প্রদায়ের সম-অধিকার ও নিরাপত্তার দাবি জন্মাষ্টমীর শোভাযাত্রায়

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, September 6, 2026 - 12:38 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 21 বার

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামে অনুষ্ঠিত জন্মাষ্টমীর মহাশোভাযাত্রা থেকে হিন্দু সম্প্রদায়ের সমঅধিকার ও নিরাপত্তার দাবি জোরালোভাবে সামনে এসেছে। শুক্রবার সকালে বন্দরনগরীর আন্দরকিল্লা মোড়ে শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।

আন্দরকিল্লা মোড় থেকে শুরু হওয়া এই রঙিন শোভাযাত্রা লালদিঘীর পাড়, কোতোয়ালি মোড়, নিউ মার্কেট, রাইফেল ক্লাব, বোস ব্রাদার্স, বৌদ্ধ মন্দির ও মোমিন রোড হয়ে গিয়ে শেষ হয় জে এম সেন হল প্রাঙ্গণে। জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এই র‍্যালিতে অংশ নেন হাজার হাজার মানুষ।

সকালে বেলুন উড়িয়ে শুরু হওয়া এই শোভাযাত্রায় ভক্তরা শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন কাহিনির আদলে সেজে অংশ নেন। ঢাক-ঢোল বাজিয়ে, বাঁশির সুরে ও কৃষ্ণনাম কীর্তনে মেতে ওঠেন সবাই।

শোভাযাত্রা চলাকালে পরিষদের সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদার সাংবাদিকদের জানান, শ্রীকৃষ্ণের ‘দুষ্টের দমন ও শিষ্টের পালন’-এর আদর্শ সামনে রেখেই তারা এগিয়ে যেতে চান এবং জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে দেশ পরিচালনা করার আকাঙ্ক্ষা প্রকাশ করেন।

পরিষদের কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ বলেন, এই মহাশোভাযাত্রার মাধ্যমে তারা একটি অসাম্প্রদায়িক, সাম্য ও মৈত্রীর বাংলাদেশ গড়ার বার্তা দিতে চান। তিনি সরকারের ঘোষিত বহুত্ববাদী জাতি-ধারণার প্রসঙ্গ টেনে সব ধর্মের মানুষের সমঅধিকার ও নিরাপত্তার দাবি জানান। বাংলাদেশি হিসেবে সনাতন সম্প্রদায়ের মৌলিক অধিকার যেন লঙ্ঘিত না হয় এবং তারা যেন শান্তিতে ও নিরাপদে বসবাস করতে পারে, সেই আহ্বানও জানান তিনি।

শোভাযাত্রায় অংশ নেওয়া সনাতনী অধিকার আন্দোলন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতাকর্মীদের হাতে দেখা যায় নানা দাবিসংবলিত প্ল্যাকার্ড। এর মধ্যে ছিল ১৯৪৭ সাল থেকে হিন্দুদের দেশান্তরিত হওয়ার কারণ জানতে চাওয়া, ধর্মের ভিত্তিতে বিভেদ সৃষ্টি রোধে রাষ্ট্রের ভূমিকা নিশ্চিত করা, ভিক্ষা নয় বরং সাংবিধানিক সমঅধিকার আদায়ের দাবি, এবং তাদের ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান।

এছাড়া কয়েকটি সংগঠনের ব্যানার-ফেস্টুনে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা, মামলা, গ্রেপ্তার, ধর্ষণ, মন্দির ভাঙচুর, জমি দখল, অগ্নিসংযোগ এবং সাম্প্রদায়িক উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিচারের দাবিও তুলে ধরা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, উদ্বোধক হিসেবে ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং অতিথি হিসেবে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহর নাম ঘোষণা করা হলেও তাদের কেউই সকালের অনুষ্ঠানে উপস্থিত হননি। শোভাযাত্রাটি উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী।

এ প্রসঙ্গে আয়োজক সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আর কে দাশ রুপু জানান, আমন্ত্রিত অতিথিরা বিকেলের অনুষ্ঠানে উপস্থিত হবেন বলে তাকে জানানো হয়েছে।