তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সোহানুল হক পারভেজ রাজশাহী ব্যুরো প্রধান: রাজশাহীর তানোরে বাড়ির বারান্দা থেকে হাসিনা বিবি (৩৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কামারগাঁ ইউনিয়নের দমদমা গ্রামে এ ঘটনা ঘটে।নিহত হাসিনা বিবি দমদমা গ্রামের সাজ্জাদ হোসেন সাজুর দ্বিতীয় স্ত্রী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার সকালে রাজমিস্ত্রির কাজে বের হন সাজ্জাদ হোসেন। পরে কাজের স্থান থেকে প্রয়োজনীয় কিছু নিতে বাড়িতে ফিরে তিনি বারান্দায় স্ত্রী হাসিনাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে পুলিশকে খবর দেন। খবর পেয়ে তানোর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।স্থানীয় সূত্রে জানা যায়, সাজ্জাদ হোসেনের প্রথম স্ত্রী কয়েক বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। প্রথম স্ত্রীর ঘরে তার আট বছর বয়সী একটি মেয়ে রয়েছে। প্রায় দুই বছর আগে হাসিনা বিবির সঙ্গে সাজ্জাদের বিয়ে হয়।
সাজ্জাদ হোসেন তার বৃদ্ধ মাকে নিয়ে বাড়িতে বসবাস করতেন। তবে তার মা আলাদাভাবে থাকতেন এবং বাড়ির পাশেই চুল বাছাইয়ের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না বলে জানা গেছে।এদিকে হাসিনা বিবির বাবা মতিউর রহমান ও ভাই মিঠুন অভিযোগ করেছেন, তাদের মেয়ে আত্মহত্যা করেননি। বরং তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে বলে তারা দাবি করেন। এ ঘটনায় তারা সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
ঘটনার তদন্তকারী কর্মকর্তা তানোর থানার এসআই আজহার বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন দেখে এটি হত্যা নাকি আত্মহত্যা, তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে বলা সম্ভব নয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।








