পীরগঞ্জে বিরোধের জেরে গাছ ও ফসল নষ্টের অভিযোগ
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধের জেরে প্রায় এক লাখ টাকার গাছপালা ও ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে । এ ঘটনায় চারজনের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলার টুকুরিয়া ইউনিয়নের মোনাইল এলাকার রাফিউল ইসলাম নামের এক ভুক্তভোগী ।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা হলেন হাফিজুল ইসলাম (৪০), ইসমাইল হোসেন (৪৫), রেজাউল মিয়া (৪৭) ও রফিকুল ইসলাম (৫২)।
অভিযোগে বলা হয়, মোনাইল মৌজায় অবস্থিত একটি জমি দীর্ঘদিন ধরে অভিযোগকারী রাফিউল ইসলাম শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। তবে অভিযুক্তরা ওই সম্পত্তি দীর্ঘদিন ধরে বেদখলের চেষ্টা করে আসছিলেন এবং বিভিন্ন সময় অভিযোগকারী ও তাঁর পরিবারের লোকজনকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন।
এরই ধারাবাহিকতায় গত ১ সেপ্টেম্বর ২০২৬ সকাল আনুমানিক ১১টার দিকে অভিযুক্তরা ওই জমিতে প্রবেশ করে প্রায় ৫০০টি সুপারি গাছ, দুটি নারিকেল গাছ ও হলুদের ক্ষেত নষ্ট করেন। এতে আনুমানিক এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগকারীর দাবি।
এ সময় গাছপালা ও ফসল নষ্ট করতে বাধা দিলে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তাদের হাতে থাকা লোহার রড, কোদাল ও অন্যান্য সরঞ্জাম দিয়ে মারধরের চেষ্টা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।
ঘটনার বিষয়ে মো. মাহাবুবুর রহমান ও মো. সাহাদাত হোসেন সাক্ষী রয়েছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় অভিযোগকারী রাফিউল ইসলাম পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়ে বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
আর পীরগঞ্জ থানার ওসি নজমুল হক বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।








