ঢাকা | সেপ্টেম্বর ১২, ২০২৬ - ১০:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় ৬০০ সেচ্ছাসেবী নিয়ে খাল পরিষ্কারে এমপি হুমাম কাদের চৌধুরী

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, September 12, 2026 - 11:36 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 16 বার

রাঙ্গুনিয়া: চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের এমপি হুমাম কাদের চৌধুরী কোদাল হাতে নিয়ে খাল পরিষ্কার কর্মসূচিতে অংশ নিয়েছেন। ডেঙ্গু প্রতিরোধের পাশাপাশি রাঙ্গুনিয়াকে পর্যটনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাঙ্গুনিয়ার কুলকুরমাই খাল পরিষ্কার কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন হুমাম কাদের। স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সাড়ে ৬০০-এর বেশি স্বেচ্ছাসেবক অংশ নেন।

হুমাম কাদের চৌধুরী বলেন, দেশে ডেঙ্গুর সমস্যা প্রকট আকার ধারণ করেছে। ডেঙ্গুর লার্ভা জন্ম নেয় এ ধরনের ময়লা খালে।

দেশের জনগণকে যদি আমাদের বাঁচাতে হয়, তাহলে খালগুলো পরিষ্কার রাখতে হবে। রাঙ্গুনিয়ার খালগুলো পরিষ্কার না থাকলে পর্যটক আকৃষ্ট করা সম্ভব নয়।

রাঙ্গুনিয়াকে পর্যটনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে হলে প্রথমেই পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। ট্যুরিস্টরা কোনো সময় এমন কোনো উপজেলায় আসবে না, যেখানে খালগুলো নোংরা। ট্যুরিজমকে আকর্ষণ করতে হলে প্রথম কাজ রাঙ্গুনিয়াকে পরিষ্কার করা। সেই কাজেই আমরা নেমেছি।

বিডি ক্লিনের স্বেচ্ছাসেবকদের প্রশংসা করে এমপি বলেন, বাংলাদেশের সেরা সন্তান বিডি ক্লিনের এই ছেলেমেয়েরা। তারা কোনো টাকা-পয়সা বা স্বীকৃতি চাচ্ছে না। নিজের ইচ্ছায় বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সচেতন করছে। যখন মাঠে নামতে হচ্ছে, তখন মাঠে নেমে যাচ্ছে। তাদের মন থেকে ভালোবাসা ও সালাম জানাই।

তিনি জানান, শুরুতে ৪০০ থেকে ৫০০ স্বেচ্ছাসেবক নিয়ে খাল পরিষ্কারের পরিকল্পনা করা হয়েছিল। পরে বিডি ক্লিনের কার্যক্রম দেখে কর্মসূচির পরিধি বাড়ানো হয়। বর্তমানে সাড়ে ৬০০-এর বেশি স্বেচ্ছাসেবক রাঙ্গুনিয়ায় কাজ করছেন।

স্থানীয়দের সচেতনতার প্রয়োজনীয়তা তুলে ধরে হুমাম কাদের বলেন, নির্বাচনের সময় প্রতিটি ইউনিয়ন ও বাজারে বিনামূল্যে ডাস্টবিন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু অনেকেই সেগুলো ব্যবহার করেননি। বরং ডাস্টবিনের আশপাশেই ময়লা ফেলা হয়েছে। আমরা বিডি ক্লিনকে এখানে নিয়ে এসেছি, কারণ আমাদের জনগণকে আরও একটু সচেতন করতে হবে। তারা যখন দেখবে তাদের এলাকার ময়লা বাইরের মানুষ এসে পরিষ্কার করে দিয়ে যাচ্ছে, তখন হয়তো তাদের মনে একটা ডাক আসবে-এখন থেকে আমরা আর আমাদের এলাকাকে ময়লা করে রাখব না।

রাঙ্গুনিয়ার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, খাল খননের কর্মসূচির আওতায় ইতোমধ্যে দুটি খালের খননকাজ সরকারি উদ্যোগে শুরু হয়েছে, যা প্রায় শেষ পর্যায়ে রয়েছে। বান্দরবান ও কাপ্তাই অঞ্চলের সঙ্গে রাঙ্গুনিয়ার যোগাযোগ থাকায় এ উপজেলায় পর্যটনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে খাল ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে।

নিজের দায়িত্বকালের অর্জন প্রসঙ্গে তিনি বলেন, রাঙ্গুনিয়ায় বালু উত্তোলন বন্ধ করা সম্ভব হয়েছে। বিচ্ছিন্নভাবে অবৈধ বালু উত্তোলনের কিছু ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দেশের বর্তমান আর্থিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। ৩১ দফার প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে।

সরকারের মাত্র ছয় মাসের কার্যক্রম দিয়ে সাফল্য-ব্যর্থতা বিচার না করার আহ্বান জানিয়ে হুমাম কাদের বলেন, ‘ছয় মাস অনেক কম সময়। ছয় মাসের মধ্যে একটা সরকারের সাকসেস অথবা ফেইলিয়র বুঝতে পারবেন না। একটু সময় দেন আমাদের। ইনশাআল্লাহ কাজের মাধ্যমে প্রমাণ করে দেখাব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কী করতে পারে।’

বিডি ক্লিনের প্রতিনিধি জানান, সংগঠনটি ২০১৬ সাল থেকে ধারাবাহিকভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে দেশের ৫৭টি জেলা ও ১৬৫টি উপজেলায় তাদের টিম রয়েছে। রাঙ্গুনিয়ায় কর্মসূচির বিষয়ে তিনি বলেন, হুমাম কাদের চৌধুরীর সহধর্মিণীর সঙ্গে যোগাযোগের পর এ কর্মসূচির পরিকল্পনা করা হয়। প্রথমে একটি টিম এসে এলাকা পরিদর্শন করে। পরে সাড়ে ৬০০ স্বেচ্ছাসেবক নিয়ে কুলকুরমাই খাল পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়।

চট্টগ্রাম বিভাগের পাঁচ থেকে ছয়টি জেলা থেকে স্বেচ্ছাসেবকেরা এ কর্মসূচিতে অংশ নিয়েছেন জানিয়ে তিনি বলেন, দিনব্যাপী খাল পরিষ্কারের কাজ চলবে। এ কার্যক্রমের মাধ্যমে খালের পানির প্রবাহমান স্রোত দৃশ্যমান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

খাল খননে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান।