রাঙ্গুনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
রাঙ্গুনিয়া:দেশব্যাপী শুরু হয়েছে তিন মাসব্যাপী ‘জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’। শনিবার (১২ সেপ্টেম্বর) এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গুনিয়ায় প্রথম দিনে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসনের আয়োজনে রাঙ্গুনিয়া পৌরসভা, নূরের আলো যুব একতা সংঘ ও যুব স্কোয়াড রাইডার্সের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
সৈয়দবাড়ি গ্রামের বিভিন্ন স্থান পরিষ্কার করা হয়। এ ছাড়া রাঙ্গুনিয়া মডেল থানার আশপাশের সড়কের ঝোপঝাড় ও ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। ডেঙ্গু মশার বংশবিস্তার রোধে বিভিন্ন স্থানে জমে থাকা পানিও সরিয়ে ফেলা হয়।
পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান, নূরের আলো যুব একতা সংঘের সাধারণ সম্পাদক নাজমুল আমিন, যুব স্কোয়াড রাইডার্সের সাধারণ সম্পাদক মো. আজিম উদ্দীনসহ সংগঠন দুটির সদস্য ও স্থানীয় স্বেচ্ছাসেবকেরা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে,
ডেঙ্গু প্রতিরোধে শুধু অভিযান পরিচালনা করলেই হবে না, বাড়ি ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। কোথাও তিন দিনের বেশি পানি জমতে দেওয়া যাবে না। এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।
‘দেশটা আমাদের, দায়িত্বও আমাদের’—এই স্লোগান সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।








