ঢাকা | সেপ্টেম্বর ১৩, ২০২৬ - ৮:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাঘায় খাটের নিচে মিলল দুই পিস্তল, গুলিসহ নারী আটক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, September 13, 2026 - 1:02 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 9 বার

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী:রাজশাহীর বাঘায় একটি বাড়িতে অভিযান চালিয়ে দুটি সচল পিস্তল ও সাত রাউন্ড গুলিসহ রোজিনা খাতুন (৩৬) নামে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।অভিযানে তিনটি ম্যাগাজিনও জব্দ করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর (নাপিতপাড়া) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নিঃ) মো. মোমিনুল হাসান নেতৃত্বে এসআই (নিঃ) মো. স্বপন হোসেন, এসআই (নিঃ) মো. মেহেদী হাসান, এএসআই (নিঃ) মো. নাজমুল সাকিব ও এএসআই (নিঃ) মো. শাহাদাৎ হোসেনসহ ডিবির সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালায়। তল্লাশির একপর্যায়ে রোজিনা খাতুনের শয়নকক্ষের খাটের নিচে রাখা অবস্থায় দুটি পিস্তল, তিনটি খালি ম্যাগাজিন ও সাত রাউন্ড তাজা গুলি পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করে পুলিশ।

আটক রোজিনা খাতুন আলাইপুর গ্রামের আলতাব হোসেনের মেয়ে । তিনি একই এলাকার মৃত দুলাল হোসেনের স্ত্রী। স্বামীর মৃত্যুর পর তিনি ঔ এলাকার আব্দুস সামাদের ছেলে রুবেল হোসেনের (৪৪) এর সাথে দ্বিতীয় বিয়ে করেন। এবং ছেলে-মেয়ে সহ প্রথম স্বামীর বাড়িতে থাকেন রোজিনা।

বাঘা থানার ওসি মো. সেরাজুল হক জানান, ডিবির অভিযানে অস্ত্র ও গুলিসহ একজন নারী আটক হয়েছেন। উদ্ধার হওয়া অস্ত্রের ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করার প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

পুলিশের দাবি, আটক রোজিনার দ্বিতীয় স্বামী রুবেল হোসেন আওয়ামী লীগ সরকারের সময় পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) ছিলেন। পুলিশের সিডিএমএস যাচাই অনুযায়ী, মাদকসহ বিভিন্ন অপরাধের তাঁর বিরুদ্ধে ১৩টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

তবে এসব অভিযোগ ও মামলার বিষয়ে রুবেল হোসেনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

অন্যদিকে, অস্ত্র উদ্ধারের ঘটনায় রুবেল হোসেনকেও আইনের আওতায় আনতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।