মাদক ও কিশোর অপরাধ থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই: ডিসি ময়মনসিংহ
:আরিফ রববানী ময়মনসিংহ: মাদক, কিশোর অপরাধ, প্রযুক্তির আসক্তি ও সামাজিক অবক্ষয়ের ছোবল থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। তিনি বলেন, ‘মাঠে যে তরুণ ঘাম ঝরায়, সে সহজে অপরাধের অন্ধকারে পা বাড়ায় না। তরুণদের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে খেলাধুলাকে জীবনের অবিচ্ছেদ্য অংশ করতে হবে।’
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ময়মনসিংহ জেলা সুইমিং কমপ্লেক্সে ৫৩তম গ্রীষ্মকালীন সাঁতার (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ। শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষা নয়, শারীরিক ও মানসিক বিকাশেও খেলাধুলার ভূমিকা অপরিসীম। খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলা, মনোযোগ, নেতৃত্বগুণ ও মানসিক দৃঢ়তা বাড়ায়। তাই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার পরিবেশ আরও বিস্তৃত করতে হবে।
সাঁতারের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘নদীমাতৃক বাংলাদেশে সাঁতার শুধু একটি খেলা নয়, এটি গুরুত্বপূর্ণ জীবনদক্ষতা। সাঁতার আত্মরক্ষার সক্ষমতা বাড়ায়, আত্মবিশ্বাস তৈরি করে। প্রতিটি শিশুর সাঁতার শেখার সুযোগ থাকা উচিত।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ আল-আমীন। সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার ও বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ময়মনসিংহ জেলার সম্পাদক মোহছিনা খাতুন। সঞ্চালনা করেন গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ শাহ মাসুম। প্রতিযোগিতাকে ঘিরে দিনভর জেলা সুইমিং কমপ্লেক্সে ছিল উৎসবমুখর পরিবেশ। খেলোয়াড়, অভিভাবক, কোচ, ক্রীড়াপ্রেমী ও দর্শকদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।








