ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ মুখোমুখি ট্রাম্প
প্রতিবেদক: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র)ওয়াশিংটন: ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আবারও বড় আকারে শুরু করা হবে কি না, তা নিয়ে শিগগিরই একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমার সামনে একটি বড় সিদ্ধান্ত আসছে। আমি কি সেখানে গিয়ে তাদের (ইরানি শাসনব্যবস্থা) নিশ্চিহ্ন করতে চাই, নাকি চাই না—এটি একটি বড় সিদ্ধান্ত।” তিনি আরও বলেন, তার কাছ থেকে যেকোনো কিছুই ঘটতে পারে।
ইরান যুদ্ধের পরবর্তী পরিস্থিতি নিয়ে আগামী মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত ও ওমানের নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ট্রাম্পের। বৈঠকে ইরান সংঘাতের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হতে পারে।
ট্রাম্প জানিয়েছেন, তিনি উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গে কথা বলে তাদের অবস্থান ও পরিস্থিতি সম্পর্কে জানতে চান। একই সঙ্গে তিনি দাবি করেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যোগাযোগ করছে এবং একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী।
এর আগে ট্রাম্প বলেছিলেন, যুদ্ধ শেষ হওয়ার দিকে এগোচ্ছে বলে তিনি আশা করছেন। তবে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরু হবে কি না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।








