ঢাকা | সেপ্টেম্বর ২২, ২০২৬ - ৮:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

জেদ্দায় ২৪ সেপ্টেম্বর শুরু হচ্ছে ৪র্থ সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো বাংলাদেশ প্যাভিলিয়নে অংশ নিচ্ছে দেশের তৈরি পোশাক ও টেক্সটাইল প্রতিষ্ঠান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, September 22, 2026 - 1:29 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 7 বার

সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবের জেদ্দায় আগামী ২৪ সেপ্টেম্বর শুরু হচ্ছে চার দিনব্যাপী ৪র্থ Saudi Fashion & Tex Expo 2026। আন্তর্জাতিক এ ফ্যাশন ও টেক্সটাইল প্রদর্শনী চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। জেদ্দার Jeddah Center for Exhibitions & Events (JCEE)-এ অনুষ্ঠিতব্য এ প্রদর্শনীতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ফ্যাশন, তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ প্রদর্শনী। চার দিনব্যাপী এ আয়োজনে বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্য, উৎপাদন সক্ষমতা ও ব্যবসায়িক সম্ভাবনা সৌদি আরবসহ আন্তর্জাতিক ক্রেতা ও ব্যবসায়ীদের সামনে তুলে ধরবে।

এ উপলক্ষে প্রদর্শনীতে স্থাপন করা হয়েছে বাংলাদেশ প্যাভিলিয়ন। প্যাভিলিয়নের জন্য নির্ধারণ করা হয়েছে B10 নম্বর স্থান। পাশাপাশি অংশগ্রহণকারী বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর জন্য রয়েছে পৃথক স্টল।

বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর মধ্যে Zakaria Knitwear Ltd. (A8), AHQ Apparels (B12), Moksee Attire (A15A), EFL (A11), Aleya Apparels Limited (A12), Al-Nour Garments Limited (A9), Shwapnil House (A14A), Sawda Fashion (B11), Bonum (B13) এবং Marker (A10) উল্লেখযোগ্য। এছাড়া A13 নম্বর স্টলও প্রদর্শনীর প্রচারসামগ্রীতে দেখানো হয়েছে।

এদিকে, প্রদর্শনীকে সামনে রেখে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দার উদ্যোগে মঙ্গলবার একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে Saudi Fashion & Tex Expo 2026 সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা।

তিনি সৌদি আরবের ব্যবসায়ী এবং বাংলাদেশি ব্যবসায়ীদের এ আন্তর্জাতিক প্রদর্শনীতে আরও বেশি অংশগ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশি তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের পণ্য সৌদি বাজারে আরও কার্যকরভাবে তুলে ধরা এবং ব্যবসায়িক যোগাযোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ সরকারের রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর কার্যক্রম ও প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কনস্যুলেটের কাউন্সিলর (শ্রম) খন্দকার সিরাজুল সালেহীন। উপস্থিত ছিলেন কাউন্সিলর কনসাল এস এম সায়েম, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা বলেন, সৌদি আরবের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল পণ্যের পরিচিতি এবং ব্যবসায়িক সুযোগ বাড়াতে এ ধরনের আন্তর্জাতিক প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য সৌদি ব্যবসায়ী, ক্রেতা ও আমদানিকারকদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হবে বলেও তিনি জানান।

আয়োজকদের প্রত্যাশা, এ প্রদর্শনীতে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো সৌদি আরবের বাজারে নতুন ব্যবসায়িক যোগাযোগ তৈরি, সম্ভাব্য ক্রেতা ও আমদানিকারকদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা এবং রপ্তানি সম্প্রসারণের নতুন সুযোগ কাজে লাগাতে পারবে। আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পণ্য প্রদর্শনের পাশাপাশি ব্যবসায়িক অংশীদারত্ব ও নতুন বাজার অনুসন্ধানের সুযোগও তৈরি হবে।

জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনের জন্য সৌদি আরবের ব্যবসায়ী, বাংলাদেশি প্রবাসী উদ্যোক্তা, ক্রেতা ও সংশ্লিষ্ট সবাইকে আমন্ত্রণ জানিয়েছে।