জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া বিএনপির উদ্যোগে মেলবোর্নে আলোচনা
অস্ট্রেলিয়া:সোমবার (২ নভেম্বর) স্থানীয় একটি রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।
ভিক্টোরিয়া বিএনপির আহ্বায়ক আরিফ খানের সভাপতিত্বে এবং সদস্যসচিব আশিক মালিক বিপুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৩০৭-এর সংসদ সদস্য বিলকিস ইসলাম
বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি এ এফএম তাওহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার আলী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) মোহাম্মদ ফেরদৌস অমি।
স্থানীয় নেতাদের মধ্যে বক্তব্য দেন ভিক্টোরিয়া বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য খন্দকার হক মিলন, যুগ্ম আহ্বায়ক মো. ওমর ফারুক, আল আমিন মাসুম খান ও দেওয়ান মামুন, সদস্য রাশিদুল আমিন, কমিউনিটি ব্যক্তিত্ব মোশাররফ হোসেন রেহান, ভিক্টোরিয়া স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো :রহমত উল ইসলাম এবং সদস্য সচিব খাইরুল সাদমান অংকন।
প্রধান অতিথির বক্তব্যে বিলকিস ইসলাম ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ এবং পরবর্তী সময়ে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা তুলে ধরেন।
তিনি বলেন, ‘জিয়াউর রহমান একটি দিশেহারা জাতিকে আত্মবিশ্বাসী করে তুলেছিলেন। বাংলাদেশকে স্বনির্ভর, সুখী ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ, বহুদলীয় গণতন্ত্র এবং গ্রামীণ উন্নয়নের নতুন ভিত্তি রচনা করেছিলেন। যার সুফল এখনো দেশের বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্য করা যায়।’
অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি এ এফএম তাওহীদুল ইসলাম জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘দেশের সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাহসী ও দূরদর্শী নেতৃত্ব ঐতিহাসিক ভূমিকা পালন করেছে।’
সভায় বক্তারা বলেন, ‘স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রচিন্তা দেশপ্রেম, সাহস এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রেরণা জোগায়। তাই জাতীয় বিপ্লব ও সংহতি দিবস কেবল একটি তারিখ নয়, এটি গণতন্ত্র, জাতীয় স্বার্থ ও স্বাধীনতার পক্ষে দৃঢ় অবস্থানের প্রতীক।’
সভাপতির বক্তব্যে ভিক্টোরিয়া বিএনপির আহ্বায়ক আরিফ খান দেশে ও প্রবাসে বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।








