৪২ বছর বয়সী আলিনা হাব্বার সঙ্গে ২৯ বছর বয়সী তুরহান মিলডনের বয়সের ব্যবধান ১৩ বছর। মিলডন পারিবারিক ব্যবসা Miller Holding-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। প্রতিষ্ঠানটির তুরস্কের পাশাপাশি আফ্রিকা ও অন্যান্য অঞ্চলে বিভিন্ন ব্যবসায়িক ও অবকাঠামো প্রকল্প রয়েছে।
আলিনা হাব্বা ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন মামলায় ট্রাম্পের প্রতিনিধিত্ব করেন এবং ট্রাম্পের ঘনিষ্ঠ আইনজীবীদের একজন হিসেবে পরিচিতি পান। পরে ট্রাম্প প্রশাসনের সময় তিনি নিউ জার্সি জেলার ভারপ্রাপ্ত ইউএস অ্যাটর্নির দায়িত্বও পালন করেন।
বিয়ের অনুষ্ঠানটি ছিল ব্যক্তিগত ও তারকাখচিত। নিউইয়র্কের অভিজাত এই অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু এবং বিভিন্ন পরিচিত ব্যক্তির উপস্থিতি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিয়ের আগে নিউইয়র্কে মিলডন পরিবারের পক্ষ থেকে একটি বিশেষ নৈশভোজেরও আয়োজন করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এক বন্ধুর মাধ্যমে আলিনা হাব্বা ও তুরহান মিলডনের পরিচয় হয়। তাদের সম্পর্কের সঙ্গে কোনো রাজনৈতিক উদ্দেশ্য জড়িত নয় বলেও মিলডন মন্তব্য করেছেন।
নিউইয়র্কের অন্যতম ঐতিহাসিক ও বিলাসবহুল হোটেল ওয়ালডর্ফ অ্যাস্টোরিয়ায় অনুষ্ঠিত এই বিয়ে এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও তুরস্কের গণমাধ্যমে আলোচনার বিষয় হয়ে উঠেছে।