চরনিলক্ষিয়ায় মাদকমুক্ত সমাজ গঠনে যুব সমাজকে ইউপি প্রশাসকের জার্সি উপহার
স্টাফ রিপোর্টারঃমাদকমুক্ত সমাজ গঠন ও তরুণদের খেলাধুলায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে ময়মনসিংহের সদর উপজেলার চরনিলক্ষিয়া ইউনিয়নের কয়েকটি ক্লাবের মাধ্যমে স্থানীয় যুব সমাজের মাঝে খেলাধুলার জার্সি বিতরণ করেছেন ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও উপজেলা আইসিটি অফিসার হাবিবুল্লাহ।
‘খেলাধুলা হোক তারুণ্যের শক্তি, মাদকমুক্ত হোক আমাদের সমাজ’—এই মূলমন্ত্রকে সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন এলাকার তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
জার্সি বিতরণকালে ইউপি প্রশাসক হাবিবুল্লাহ বলেন, যুবসমাজই একটি দেশের প্রাণশক্তি। তরুণদের ভুল পথ থেকে ফিরিয়ে এনে সুস্থ ও সুন্দর মানসিকতায় গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা শারীরিক গঠনের পাশাপাশি অপরাধমূলক কাজ ও মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে দূরে রাখে। চরনিলক্ষিয়া ইউনিয়নকে পুরোপুরি মাদকমুক্ত করতে এ ধরনের সামাজিক ও ক্রীড়ামুখী কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে জানান তিনি।
চরনিলক্ষিয়া ইউনিয়নে যুব সমাজের মাঝে খেলার জার্সি বিতরণ করায়, চরনিলক্ষিয়া ইউনিয়নের সম্মানিত প্রশাসক মহোদয়ের প্রতি আন্তরিক শ্রদ্ধা, ও ভালোবাসা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইউনিয়নের যুবসমাজ ।








