চাঁপাইনবাবগঞ্জ মহারাজপুরে ১১টি ককটেল উদ্ধার, এলাকায় উত্তেজনা
নাসিম নিজস্ব প্রতিবেদক ঃ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কবিরাজপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১১টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের পর পুলিশ অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহারাজপুর ইউনিয়নের কবিরাজপাড়া ও শেখপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই মধ্যে শুক্রবার সকালে কবিরাজপাড়া এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে ১১টি ককটেল উদ্ধার করে।
স্থানীয়দের দাবি, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আব্দুল ওদুদ ও জালাল উদ্দীনের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সম্প্রতি এ বিরোধ আরও তীব্র হয়েছে। স্থানীয়দের ধারণা, বিরোধকে কেন্দ্র করে সংঘাতে জড়ানোর প্রস্তুতি হিসেবে এসব ককটেল মজুত করা হয়েছিল।
সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১১টি ককটেল উদ্ধার করেছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
তিনি আরও জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে।








