ঢাকা | অক্টোবর ২, ২০২৬ - ৯:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

হিন্দু-মুসলিম সবাইকে নিয়ে সম্প্রীতির ঠাকুরগাঁও গড়তে চান মির্জা ফয়সল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, October 2, 2026 - 2:19 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 5 বার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিন। এরই ধারাবাহিকতায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করে তাদের বিভিন্ন সমস্যা, দাবি ও এলাকার উন্নয়ন নিয়ে কথা বলেছেন তিনি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ভূল্লী উপজেলার বড়গাঁও ইউনিয়নের কদম রসুল হাট স্কুল অ্যান্ড কলেজ মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে এলাকার বিভিন্ন সমস্যা, ধর্মীয় প্রতিষ্ঠান, নিরাপত্তা ও উন্নয়নসংক্রান্ত বিষয় তুলে ধরা হয়। পরে এসব বিষয়ে বক্তব্য দেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন।

তিনি বলেন, “ঠাকুরগাঁওয়ের মানুষ শান্তিপ্রিয় ও সম্প্রীতিপ্রিয়। হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে এখানে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের সঙ্গে বসবাস করে আসছেন। এই সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

মির্জা ফয়সল আমিন বলেন, শুধু একটি নির্বাচনকে কেন্দ্র করে নয়, ঠাকুরগাঁওয়ের মানুষের ভবিষ্যৎ নিয়েই তিনি ভাবেন। ধর্ম-বর্ণ ও দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও স্বপ্নের ঠাকুরগাঁও গড়ে তুলতে চান তিনি।

তিনি বলেন, “আমি এমন একটি ঠাকুরগাঁও চাই, যেখানে প্রত্যেক মানুষ সমান মর্যাদা ও নিরাপত্তা নিয়ে বসবাস করবেন। কেউ নিজেকে সংখ্যালঘু মনে করবেন না; সবাই বাংলাদেশের নাগরিক হিসেবে সমান অধিকার ও মর্যাদা ভোগ করবেন।”

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, তাদের ন্যায্য দাবি, এলাকার সমস্যা ও উন্নয়নসংক্রান্ত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। মন্দির ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তার পাশাপাশি স্বাভাবিক ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনায় সহযোগিতার বিষয়টিও গুরুত্ব পাবে।

বিএনপির এই প্রার্থী আরও বলেন, রাজনীতি মানুষের জন্য। মানুষের কথা শোনা, তাদের পাশে থাকা এবং এলাকার উন্নয়নে কাজ করাই একজন জনপ্রতিনিধির মূল দায়িত্ব। তাই জনগণের মতামত, পরামর্শ ও সহযোগিতা নিয়েই ঠাকুরগাঁওকে এগিয়ে নিতে চান তিনি।

তিনি বলেন, “পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সম্প্রীতির মাধ্যমে আমরা একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারি। আপনারা পাশে থাকুন, মতামত দিন—সবাইকে সঙ্গে নিয়েই একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও সুন্দর ঠাকুরগাঁও গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে চাই।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপি নেতা প্রভাত কুমার সিংহ, জেলা বিএনপির উপ-দপ্তর সম্পাদক আশরাফুল হক, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাইদ নূরে আলম বাবু, জেলা তাঁতী দলের সভাপতি আনোয়ার হোসেন বাবুল, বড়গাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আহম্মদ আলী, সাধারণ সম্পাদক মাহাফুজ আলমসহ সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।