ভালুকায় বিউটি পার্লার ব্যবসায়ী সাথীকে গ্রেফতারে প্রতিবাদ
স্টাফ রিপোর্টারঃময়মনসিংহের ভালুকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের বৈদ্যুতিক তার চুরির ঘটনায় ফেসবুক লাইভে বিএনপি সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করার ঘটনায় সাথী আক্তার নামক ভুক্তভোগীকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক ও মানবাধিকার কর্মী এডভোকেট এটিএম মাহবুব উল আলম।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকাল ৪ টায় নগরীর কাচারি রোডস্থ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহ জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাথী আক্তারকে গ্রেফতারের তীব্র নিন্দা জানান তিনি। এসময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহ জেলা শাখার সদস্য সচিব জসিম উদ্দিনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক এডভোকেট এটিএম মাহবুব উল আলম বলেন-মত প্রকাশ করা অন্যায় কিছু নয়, সাথী আক্তার তার ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হওয়ায় স্বাধীন মত প্রকাশ করায় তার বিউটি পার্লারে হামলা করে তার মত প্রকাশে বাধা প্রধান করা হয়েছে। তিনি বলেন- যারা তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করলো তাদের গ্রেফতার করা হয়নি অথচ ভুক্তভোগীকে গ্রেফতার করে সরকার বুজিয়ে দিয়েছে সরকারের অন্যায় অবিচার ও রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা তুলে ধরে কেউ কোন সমালোচনা করতে পারবেনা। তিনি সাথী আক্তারকে গ্রেফতারের নিন্দা জানিয়ে অবিলম্বে তাকে মুক্ত করে দেওয়ার দাবী জানান।
এসময় ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি হওয়া সত্ত্বেও একজন ভুক্তভোগী নারী উদ্যোক্তাকে প্রতিকার দেওয়ার পরিবর্তে উল্টো রাজনৈতিক নেতাকর্মীদের চাপে গ্রেফতার করার এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সরকারের ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেন জেলা জাতীয় নাগরিক পার্টির আহবায়ক এডভোকেট এটিএম মাহবুব উল আলম।
এর আগে গত রোববার (২৫ অক্টোবর) রাতে স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় অবস্থিত সাথী আক্তারের মালিকানাধীন একটি বিউটি পার্লারের দুটি শোরুমের বৈদ্যুতিক তার এবং একটি শোরুমের এসির তার দুর্বৃত্তরা চুুরি করে কেটে নিয়ে গেলে বেলা দুইটার দিকে ‘সাথী মেকওভার’ নামের ফেসবুক আইডি থেকে দুটি লাইভ করেন সাথী আক্তার। ৫ মিনিট ২২ সেকেন্ড ও ৮ মিনিট ৮ সেকেন্ডের ওই দুটি ভিডিওতে তার ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করতে গিয়ে একপর্যায়ে তিনি বিএনপি সরকারের সমালোচনায় দুঃখ প্রকাশ করে বলেন ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী। লাইভে সাথী আক্তার তার মত প্রকাশ করতে গিয়ে আরো বলেন-তিনি প্রায় ১৪ বছর ধরে ব্যবসা করছেন। কিন্তু এ বছর একের পর এক চুরির ঘটনায় তিনি আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। গত মাসে তার একটি দোকান থেকে এসির তার চুরি হয়। গতকাল ২৫ অক্টোবর এসে দেখেন, তার দুটি শোরুমের বৈদ্যুতিক তার এবং একটি শোরুমের এসির তার কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আশপাশের আরও কয়েকটি দোকানের তারও চুরি হয়েছে। একপর্যায়ে বিএনপি সরকারকে ভোট দেয়ার কথা উল্লেখ করে নিজের সিদ্ধান্ত নিয়ে হতাশা প্রকাশ করেন সাথী আক্তার। পরে ভিডিওটি ছড়িয়ে পড়লে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ওই নারীর ব্যবসা প্রতিষ্ঠান ঘেরাও করে বিচার দাবি করেন। এ নিয়ে উত্তেজনা তৈরি হলে রাত সাড়ে আটটার দিকে পুলিশ সাথীকে হেফাজতে নিয়ে সোমবার (২৬ অক্টোবর) দুপুরে এ ঘটনায় সাথীকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ। তবে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ
(ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন – ভিডিও পর্যালোচনা করে সাথী আক্তারের বক্তব্যে সরকার বিরোধী কোনো কিছু পাওয়া যায়নি। তবে উত্তেজনা সৃষ্টি ও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মারমুখী আচরণ করায় তাকে আটক করে সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি।
এদিকে ফেসবুক লাইভে দেশের আইনশৃঙ্খলা ও চুরির ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করায় ভালুকার নারী উদ্যোক্তা সাথী আক্তারকে আটকের পর ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও সচেতন মহলে তীব্র নিন্দার ঝড় তুলেছে। এই গ্রেফতারকে নাগরিকদের বাকস্বাধীনতার পরিপন্থী হিসেবে দেখছেন অনেকে।








