বারহাট্টায় নতুন কুঁড়ি স্পোর্টসের যাচাই-বাছাই কার্যক্রম
মামুন কৌশিক, নেত্রকোনা : নেত্রকোনার বারহাট্টা উপজেলায় নতুন কুঁড়ি স্পোর্টসের ইউনিয়নভিত্তিক যাচাই-বাছাই কার্যক্রম পরিদর্শন, ফ্যামিলি কার্ড প্রদানের লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রম তদারকি এবং একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিনা আক্তার।
সোমবার (২৭ অক্টোবর) উপজেলার বারহাট্টা সদর ইউনিয়ন, বাউসী ইউনিয়ন ও রায়পুর ইউনিয়নে নতুন কুঁড়ি স্পোর্টসের ইউনিয়নভিত্তিক যাচাই-বাছাই কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
এ ছাড়া রায়পুর ইউনিয়নের কর্ণপুর গ্রামে ফ্যামিলি কার্ড প্রদানের লক্ষ্যে তথ্য সংগ্রহকারীদের কার্যক্রম সরেজমিনে তদারকি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় তথ্য সংগ্রহ কার্যক্রমের অগ্রগতি ও মাঠপর্যায়ের কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়।
পরিদর্শনের অংশ হিসেবে রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেন তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান।
বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার জানান উপজেলা প্রশাসনের এ ধরনের মাঠপর্যায়ের পরিদর্শন ও তদারকির মাধ্যমে চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ এবং সেবার মান নিশ্চিত করা হচ্ছে।








