ঢাকা | নভেম্বর ৭, ২০২৬ - ১০:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে নিজ উদ্যোগে সড়ক সংস্কার করলেন চেয়ারম্যান পদপ্রার্থী সরোয়ার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, November 7, 2026 - 2:39 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 11 বার

রাঙ্গুনিয়া:যুগের পর যুগ সংস্কারের ছোঁয়া না পেয়ে বেহাল ও চলাচলের অনুপযোগী হয়ে পড়া রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কলাবাজ্জেঘোনা সড়কটি অবশেষে মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় মানুষের দীর্ঘদিনের চরম দুর্ভোগের অবসান ঘটাতে ‘চন্দ্রঘোনা সচেতন নাগরিক ঐক্য’ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ সরোয়ার হোসেনের নিজস্ব অর্থায়ন ও উদ্যোগে এই সংস্কার কাজ শুরু হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না করায় বড় বড় গর্তের সৃষ্টি হয়ে এটি মরণফাঁদে পরিণত হয়েছিল। এর ফলে প্রতিদিন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী, চাকরিজীবীসহ হাজার হাজার সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হতেন। বিশেষ করে রিকশা ও অন্যান্য যানবাহন চালকদের জন্য রাতে বা জরুরি সময়ে যাতায়াত করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। নিজস্ব উদ্যোগে এই সড়ক মেরামতের কাজ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী ও চালকরা।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রফিক বলেন, “সরকারিভাবে কোনো উদ্যোগ না থাকায় দীর্ঘ বছর ধরে আমরা চরম দুর্বস্থার মধ্যে চলাচল করেছি। সরোয়ার ভাইয়ের এই নিজস্ব উদ্যোগে রাস্তাটি কিছুটা হলেও চলাচলের উপযোগী হচ্ছে, যা এলাকার হাজারো মানুষের যাতায়াত সহজ করবে।”

রিকশাচালক বিনয় বলেন, “গত কয়েক বছর ধরে এই সড়কের বেহাল দশার কারণে গাড়ি চালানো আমাদের জন্য অত্যন্ত কষ্টকর ছিল। রাস্তাটি মেরামত হওয়ায় আমাদের দীর্ঘদিনের কষ্ট ও যাত্রী ভোগান্তি অনেকাংশে কমে আসবে।”

জানা গেছে, চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ সরোয়ার হোসেন এর আগেও নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে মুরুব্বিদের সাথে মতবিনিময় এবং স্থানীয় স্কুলমাঠ উন্নয়নসহ নানা সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। স্থানীয়রা আশা করছেন, এই উদ্যোগের ফলে এলাকাবসীর দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগের অবসান ঘটবে।