ঢাকা | নভেম্বর ১৫, ২০২৬ - ৬:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

যুক্তরাষ্ট্রজুড়ে সব ফ্লাইট বন্ধের নির্দেশ, কয়েক ঘণ্টা পর নিষেধাজ্ঞা প্রত্যাহার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, November 14, 2026 - 5:46 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 30 বার

প্রতিবেদক: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র)বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থায় যোগাযোগ বিভ্রাট, হাজার হাজার ফ্লাইট বিলম্ব ও বাতিল

নিউইয়র্ক, ১৪ নভেম্বর ২০২৬: যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচলে নজিরবিহীন বিঘ্ন সৃষ্টি হয়েছে। গত শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) নিরাপত্তার স্বার্থে সব বিমানবন্দরের বহির্গামী ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেয়। সংস্থাটি এ পরিস্থিতিকে ‘অস্বাভাবিক পরিস্থিতি’ (Extraordinary Circumstances) হিসেবে উল্লেখ করে।

বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর মধ্যে যোগাযোগ ব্যবস্থায় সমস্যার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়। যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, দেশজুড়ে বিমান চলাচল নিয়ন্ত্রণে ব্যবহৃত পুরোনো প্রযুক্তি ও রাউটার অতিরিক্ত ডেটার চাপে অস্থিতিশীল হয়ে পড়ে। পরিস্থিতি মোকাবিলায় FAA-এর কারিগরি দল কাজ শুরু করে।

প্রায় পাঁচ ঘণ্টা পর শুক্রবার রাত ৮টা ১৫ মিনিটে (ইস্টার্ন সময়) FAA নিষেধাজ্ঞা তুলে নেয়। তবে ফ্লাইট চলাচল স্বাভাবিক হতে সময় লাগবে বলে জানানো হয়।

এই ঘটনায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে হাজার হাজার যাত্রী আটকা পড়েন। অনেক ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়। নিউইয়র্ক, শিকাগো, লস অ্যাঞ্জেলেস, আটলান্টা, মিয়ামি ও বোস্টনসহ বড় বিমানবন্দরগুলোতে যাত্রীদের ভোগান্তি দেখা দেয়।

হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন বলেন, প্রাথমিকভাবে সাইবার হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তিনি আরও বলেন, এটি মূলত টেলিযোগাযোগ ব্যবস্থার বিভ্রাট। পরিস্থিতিকে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার সঙ্গে তুলনা করার কোনো কারণ নেই।

পরিবহনমন্ত্রী শন ডাফি যুক্তরাষ্ট্রের পুরোনো বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা আধুনিকায়নের ওপর গুরুত্ব দেন। এ জন্য প্রায় ৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন এবং কংগ্রেসকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের আহ্বান জানান।

উল্লেখ্য, ২০২৩ সালের জানুয়ারিতে FAA-এর একটি গুরুত্বপূর্ণ কম্পিউটার ব্যবস্থায় ত্রুটির কারণে দেশজুড়ে বিমান চলাচল বন্ধ হয়েছিল। ২০২৬ সালের ১৩ নভেম্বরের ঘটনাটি আবারও যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রযুক্তিগত দুর্বলতা নিয়ে প্রশ্ন তুলেছে।

যাত্রীদের জন্য পরামর্শ: যাঁদের ফ্লাইট নির্ধারিত রয়েছে, তাঁদের বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের ওয়েবসাইট বা অ্যাপ থেকে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।