ময়মনসিংহে পৌর ভূমি অফিসের নায়েব কালামের বিচার ও প্রত্যাহারে ৭ দিনের আলটিমেটাম
ময়মনসিংহ:ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েব আবুল কালামের বিরুদ্ধে চার সাংবাদিককে হেনস্তা, গালিগালাজ ও আটকে রেখে মারধরের হুমকি দেওয়ার অভিযোগে তাকে তার কর্মস্থল থেকে প্রত্যাহারে
সাত দিনের আল্টিমেটাম দিয়েছে ময়মনসিংহে কর্মরত সাংবাদিকরা। একই সাথে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ, ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে একজন সরকারি কর্মকর্তার এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে সাত দিনের মধ্যে নায়েব আবুল কালামকে প্রত্যাহার, ঘটনার তদন্তে কমিটি গঠন এবং তাকে বিচারের আওতায় আনার দাবি জানান তারা।
মানববন্ধনে ময়মনসিংহে কর্মরত বিভিন্ন পর্যায়ের প্রায় শতাধিক সাংবাদিকরা অংশ নেন।
বক্তারা বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান খায়রুল আলম রফিক বলেন, সাংবাদিকদের বেঁধে রেখে পিটানোর হুমকি দেওয়া নায়েবের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। অভিযুক্ত আবুল কালামকে দ্রুত অপসারণ করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এর আগে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) তথ্য সংগ্রহের জন্য ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসে গেলে নায়েব আবুল কালামের বিরুদ্ধে চার সাংবাদিককে হেনস্তা, গালিগালাজ ও আটকে রাখার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদেই মানববন্ধন কর্মসূচি পালন করেন সাংবাদিকরা।
সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা এবং স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার দাবিতে আয়োজিত এ মানববন্ধন থেকে প্রশাসনের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান খায়রুল আলম রফিক বলেন, সাংবাদিকদের আটকে রেখে বেঁধে পেটানোর হুমকি দেওয়ার মতো ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সাংবাদিকরা কারও ব্যক্তিগত স্বার্থে নয়, জনগণের স্বার্থে তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশ করেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের যদি সরকারি কর্মকর্তার কাছ থেকে হুমকি ও হয়রানির শিকার হতে হয়, তাহলে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বাধাগ্রস্ত হবে। অভিযুক্ত আবুল কালামকে দ্রুত প্রত্যাহার করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বক্তারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, কোনো সরকারি কর্মকর্তা যেন ক্ষমতার অপব্যবহার করে সাংবাদিক কিংবা সাধারণ মানুষকে হয়রানি করতে না পারেন, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের ময়মনসিংহ জেলা কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মোর্শেদ কামাল মিজান, এশিয়ান টিভির প্রতিনিধি তাসলিমা রত্না, মফিদুল ইসলাম লাভলু, এনামুল হক ছোটন, বিল্লাল হোসেন মানিক, আরিফসহ ময়মনসিংহের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।








