নিউ জার্সি, ১৫ নভেম্বর: নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামের বাইরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় স্টেডিয়ামের পাশের ট্রেন স্টেশনের কাছে আগুন লাগে। এতে ব্যাপক ধোঁয়া ছড়িয়ে পড়ে স্টেডিয়ামের ভেতরেও।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আগুনের বড় বড় শিখা এবং কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। ঘটনার সময় স্টেডিয়ামটি প্রায় ফাঁকা ছিল।
ইএসপিএনের প্রতিবেদক রিচ সিমিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, স্টেডিয়ামের পাশের ট্রেন স্টেশনের কাছে একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটে। এ সময় স্টেডিয়ামের পূর্ব পাশের প্লাজা ও ট্রেন স্টেশনসংলগ্ন এলাকা এড়িয়ে চলার জন্য লোকজনকে সতর্ক করা হয়।
প্রায় ২০ মিনিট পর তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।
নিউ জার্সি ট্রানজিটের একজন মুখপাত্র জানিয়েছেন, আগুনের কারণে আশপাশের ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে অগ্নিকাণ্ডের কয়েক ঘণ্টা আগেই মেটলাইফ স্টেডিয়ামে এনএফএল ফুটবল ম্যাচে বাফেলো বিলসের কাছে ৩১-১২ পয়েন্টে হেরে যায় নিউইয়র্ক জেটস। এটি ছিল দলটির টানা পঞ্চম পরাজয়। এই হারের ফলে চলতি মৌসুমে জেটসের রেকর্ড দাঁড়িয়েছে ২ জয় ও ৮ হার।
একই স্টেডিয়ামে নিউইয়র্ক জায়ান্টস ও নিউইয়র্ক জেটস তাদের হোম ম্যাচ খেলে। ফলে অগ্নিকাণ্ডের ঘটনায় স্টেডিয়াম ও এর আশপাশের নিরাপত্তা নিয়ে দর্শকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।