ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর, প্রশংসায় ওমান
নবোদয় প্রতিবেদক : ভাসানচরের পরিবেশ রোহিঙ্গাদের জন্য অনুকূল উল্লেখ করে রোহিঙ্গাদের একাংশকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তরের সিদ্ধান্তের প্রশংসা করেছে ওমান।
সম্প্রতি ঢাকায় বাংলাদেশে ওমানের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) তায়িবসালাম আবদুল্লাহ আল আলায়ি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাতে এ প্রশংসা করেন।
শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তায়িবসালাম আবদুল্লাহ মনে করছেন ভাসানচরের জীবনযাত্রা বাংলাদেশের গ্রামীণ অনেক অঞ্চলের চেয়েও আপাতদৃষ্টিতে উন্নত হবে।
পররাষ্ট্রমন্ত্রী ওমানে প্রায় সাত লাখ বাংলাদেশি কর্মীর কল্যাণ নিশ্চিত করতে ওমান সরকারের নেওয়া উদ্যোগের প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা জানান। রোহিঙ্গা ইস্যু, বিশেষ করে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রস্তাব গ্রহণ ও আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার মামলায় সহযোগিতার ক্ষেত্রে ওমানের ভূমিকার প্রশংসা করেন।
ওমানের সিডিএ বলেন, ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিভাগের প্রধান হিসেবে তিনি এ দেশকে আগেও দেখেছেন। গত ১০ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনেক বদলে গেছে। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের অনন্য অসাধারণ মহানুভবতার তিনি প্রশংসা করেন।
তিনি জানান, ওই চুক্তি সই করার জন্য ওমান প্রস্তুত আছে। দুই দেশের সুবিধাজনক সময়ে চুক্তিটি সই করার জন্য এরই মধ্যে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশ ও ওমানের মধ্যে কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহত চুক্তি সইয়ের প্রক্রিয়ার অগ্রগতির প্রশংসা করেন ওমানের সিডিএ।








