ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৭:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ঈশ্বরগঞ্জে পুলিশের অভিযানে পিস্তলসহ ছিনতাইকারী আটক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, March 14, 2024 - 12:54 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 62 বার

ষ্টাফ রিপোর্টারঃময়মনসিংহের ঈশ^রগঞ্জের আঠারবাড়ি থেকে ওয়াসিম আকরাম খান নামের এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। এসময় পুলিশ ছিনতাইকারীর কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগজিন, ছিনতাইকৃত অটোরিক্সা উদ্ধার করে।

বুধবার(১৩ মার্চ) বেলা ১১ টায় ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহম্মদ ভুঞা সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিং কালে এসব তথ্য জানান। এ সময় ঈশ্বরগঞ্জ থানার ওসি মাজেদুর রহমানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পুলিশের প্রেস ব্রিফিং সুত্রে জানা যায়, কেন্দুয়া উপজেলার মরিচপুর এলাকা থেকে গন্ডা গ্রামের তোফায়েল আহমেদ নামক এক চালকের অটোরিক্সা ভাড়া করে ৩জন যাত্রী ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের গাবরকালিয়ান নামক স্থানে নিয়ে আসে। সেখানে যাত্রীবেশী ছিনতাইকারীরা অটো থেকে নেমে চালকের মাথায় পিস্তল ঠেকিয়ে অটো ছিনতাই করে নিয়ে যায়। পরে অটো চালকের ডাক চিৎকারে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে পুলিশে খবর দেয়। খবর পেয়ে আঠারবাড়ি তদন্ত কেন্দ্রের এসআই জাহাঙ্গীর আলম ও আরাফাত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে স্থানীয় এলাকাবাসীর সহযোগীতায় পুরো এলাকা ঘেরাও করে গাবরকালিয়ান গ্রামের ওমর ফারুকের বাড়ির পেছনের বাশঁঝাড় থেকে ছিনতাইকৃত অটোরিক্সাটি উদ্ধার করে। এসময় ছিনতাইকারী ওয়াসিম আকরাম (৪০) এর দেহ তল্লাশীকরে ৫ রাউন্ড গুলিভর্তি ম্যাগজিনসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করে ।

পুলিশ জানায়- আসামীর নামে ২০১০ সালে অস্ত্রমামলাসহ মোট ৮ টি মামলা রয়েছে নেত্রকোনা জেলার কেন্দুয়া থানায় । আসামী দীর্ঘদিন যাবৎ তার কিছু সহযোগীর সাথে সশস্ত্র অটো ছিনতাইসহ বিভিন্ন অপরাধে সম্পৃক্ত রয়েছে বলে প্রাথমিকভাবে স্বীকার করে। ছিনতাইকারী ওয়াসিম আকরাম নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার চরখিদিরপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মোহাম্মদ মাজেদুর রহমান জানান, ধৃত আসামীর বিরুদ্ধে নেত্রকোণা জেলার কেন্দুয়া থানায় খুন, অস্ত্র ও বিস্ফোরক আইনে মোট ৮টি মামলা রয়েছে। আসামী র্দীঘদিন ধরে তার সহযোগীদের নিয়ে সশস্ত্র অবস্থায় অটো ছিনতাই ও জমি সংক্রান্ত অপরাধের সাথে জড়িত রয়েছে। তার বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় ছিনতাই ও অস্ত্র আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যান্য সহযোগী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।