ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৯:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

দুর্গাপূজায় বাংলাবান্ধা স্থলবন্দরে ৬ দিন আমদানি রপ্তানি বন্ধ, ইমিগ্রেশন চালু থাকবে

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, October 9, 2024 - 12:29 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 51 বার

স্নিগ্ধা খন্দকার, পঞ্চগড় প্রতিনিধিঃ আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে দেশের একমাত্র চারদেশীয় (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) যোগাযোগের বাংলাবান্ধা স্থলবন্দরে আগামী ৬ দিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট দেশগুলোর ব্যবসায়ী সংগঠনগুলো। তবে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বন্দর সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম এবং ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে বাংলাবান্ধা আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ১০ অক্টোবর থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা। এই উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের ফুলবাড়ি এক্সপোর্টার অ্যান্ড ইমপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল খালেকের স্বাক্ষরিত এক পত্রে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের বিষয়টি জানানো হয়েছে। উভয় দেশের ব্যবসায়ী সংগঠনগুলোর সিদ্ধান্ত মোতাবেক ৯-১৪ অক্টোবর পর্যন্ত ৬ দিন বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

বাংলাবান্ধা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানিয়েছেন, দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সরকারি ছুটিসহ ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে আগামী ১৫ অক্টোবর সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

অন্যদিকে, পূজার সময় বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বন্দর সংশ্লিষ্ট অন্যান্য সেবা চলমান থাকবে। বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা অমৃত অধিকারী জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।১৫ অক্টোবর থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।