ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৮:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

অনিয়মের জালে বন্দী পঞ্চগড়ের কালিয়াগঞ্জ নবারুণ উচ্চ বিদ্যালয়

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, October 15, 2024 - 2:59 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 61 বার

স্নিগ্ধা খন্দকার পঞ্চগড় প্রতিনিধিঃপঞ্চগড়ের বোদা উপজেলার ঐতিহ্যবাহী কালিয়াগঞ্জ নবারুণ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, এবং সম্পদ আত্মসাতের অভিযোগ উঠেছে। সদ্য বিলুপ্ত ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয়রা বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। বিদ্যালয়ে বর্তমানে বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে, যা শিক্ষার মান ও শিক্ষার্থীদের সামাজিক মনোজাগতে নেতিবাচক প্রভাব ফেলছে।

১৯৭৩ সালে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে মেধাবী শিক্ষার্থী তৈরি করে সুনাম অর্জন করেছে। তবে স্থানীয়রা অভিযোগ করেন, সম্প্রতি অনিয়ম ও স্বেচ্ছাচারিতার কারণে বিদ্যালয়টির শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছে। শিক্ষক সংকটের পাশাপাশি বিদ্যালয়ের ২৫ বিঘা জমি ও পুকুরের আয়-ব্যয়ের কোনো হিসাব নেই বলে অভিযোগ উঠেছে।

২০২৩ সালে চারটি পদে নিয়োগে ৫০ লাখ টাকা ঘুষের বিনিময়ে স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগ দেওয়া হয় বলে অভিযোগে জানানো হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন, সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তফা রহমান এবং সহকারী শিক্ষক আবুল বাশার বাবুলের বিরুদ্ধে দুর্নীতি ও জমি আত্মসাতের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তারা দাবি করেছেন, বিদ্যালয়ের জমি পুনরুদ্ধার ও পুরোনো নিয়োগ বাতিল করে নতুনভাবে সংস্কার করা প্রয়োজন।

অভিযোগের ব্যাপারে সহকারী শিক্ষক আবুল বাশার বাবুল তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা বলে দাবি করেন, এবং প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন ও সাবেক সভাপতি মোস্তফা রহমান নিয়ম অনুযায়ী নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান।

উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

স্থানীয়রা বিদ্যালয়ের অনিয়ম ও দুর্নীতির সুষ্ঠু তদন্ত এবং সংশ্লিষ্টদের বিচারের দাবি জানিয়েছেন। শিক্ষার্থীদের উন্নত শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে বিদ্যালয়ের সংস্কার জরুরি।