ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১২:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

শিক্ষক ও এলাকাবাসীর দ্বন্দ্বে ব্যাহত জুগিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, February 4, 2025 - 2:49 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 150 বার

স্নিগ্ধা খন্দকার, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার জুগিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও এলাকাবাসীর দ্বন্দ্ব চরমে পৌঁছেছে, যার ফলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। ১৯৩২ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে শিক্ষিকা সামসুন নেহারের যোগদানকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

২০২৩ সালে প্রধান শিক্ষিকা আঞ্জুমান আরা ও সহকারী শিক্ষিকা সামসুন নেহারের বিরুদ্ধে অভিযোগ ওঠায় জেলা প্রাথমিক শিক্ষা অফিস সামসুন নেহারকে কৃষ্ণনগর মালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংযুক্ত করে। পরে সংযুক্তি বাতিল হলে তিনি নিজ কর্মস্থলে ফেরার চেষ্টা করেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ৫ জানুয়ারির এক প্রজ্ঞাপনের ভিত্তিতে ৩০ জানুয়ারি পঞ্চগড় জেলা ও আটোয়ারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সামসুন নেহারের সংযুক্তি বাতিল করে তাকে নিজ বিদ্যালয়ে যোগদানের নির্দেশ দেয়।

২ ফেব্রুয়ারি, রোববার, যোগদান পত্র নিয়ে বিদ্যালয়ে গেলে শিক্ষার্থী ও অভিভাবকদের বাধার মুখে তাকে ফিরে যেতে হয়। বিদ্যালয়ের সাবেক সভাপতি অনিল চন্দ্র বর্মন বলেন, “নৈতিকতা না থাকায় তাকে শাস্তিস্বরূপ ডেপুটেশনে পাঠানো হয়েছিল। উপজেলা শিক্ষা অফিসার মাসুদ রানাকে ম্যানেজ করে তিনি নির্ধারিত সময়ের আগেই যোগদানের চেষ্টা করেছেন।”

তবে উপজেলা শিক্ষা অফিসার মাসুদ রানা এ অভিযোগ অস্বীকার করে বলেন, “তিনি অনলাইনে বদলির আবেদন করেছেন, যা ১০-১২ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন হবে। আমাকে কেউ ম্যানেজ করতে পারেনি, আমি সততার সঙ্গে দায়িত্ব পালন করি।”

পঞ্চগড় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সমেশ চন্দ্র মজুমদার জানান, জুগিকাটা বিদ্যালয় নিয়ে বেশ কিছু অভিযোগ রয়েছে, যার তদন্তের জন্য বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে। রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, এলাকাবাসী ও অভিভাবকরা সামসুন নেহারের যোগদান নিয়ে আপত্তি জানিয়ে তার বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন। তবে তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেন, “আমি কেবল আমার দায়িত্ব পালন করতে চাই।”

অচলাবস্থা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে সংশ্লিষ্ট মহল।