কেরানীগঞ্জে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালত
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। উপজেলা ভূমি অফিস, কেরাণীগঞ্জ, ঢাকা এর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া এর নেতৃত্বে আজ দুপুর ১টায় দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের জাজিরা উৎরাইল এলাকায় ভ্রাম্যমান আদালতের এই অভিযান চালানো হয়। এ সময় নিউ নেশন ব্রিক এর নামে একটি ইট ভাটার উপযুক্ত ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় উক্ত ইটভাটাটি অবৈধ হিসেবে গণ্য করা হয়।
এ সময় ভেকু মেশিন দিয়ে তাৎক্ষণিকভাবে ইটভাটাটি গুড়িয়ে দেওয়া হয়। এ ব্যাপারে উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া বলেন, হাইকোর্টের রিটপিটিশন ও ঢাকা জেলা প্রশাসকের নির্দেশে কেরানীগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হচ্ছে। যেসব ইটভাটায় প্রয়োজনীয় কাগজপত্র না থাকবে তা অবৈধ বলে গণ্য করা হবে। এই ভ্রাম্যমান আদালতের অভিযানে সহযোগিতায় ছিলেন থানা পুলিশ, পল্লী বিদ্যুৎ সমিতি-৪ ও ফায়ার সার্ভিসের সদস্য বৃন্দ।








