পঞ্চগড়ে চীনের অর্থায়নে মেডিক্যাল কলেজ স্থাপনের দাবিতে গণজমায়েত ও মানববন্ধন
স্নিগ্ধা খন্দকার স্টাফ রিপোর্টার:চীনের অর্থায়নে ১০০০ শয্যার প্রস্তাবিত মেডিক্যাল কলেজ ও হাসপাতালটি পঞ্চগড়ে স্থাপনের দাবিতে বিশাল গণজমায়েত ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার দুপুরে পঞ্চগড় জেলাবাসীর উদ্যোগে শহরের জজ কোর্ট চত্বরে এই গণজমায়েত শুরু হয়। এরপর একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয়।
চৌরঙ্গী মোড় এলাকায় এক ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা জানান, পঞ্চগড় থেকে নিকটবর্তী মেডিকেল কলেজগুলো দূর হওয়ায় গুরুতর রোগীদের দ্রুত চিকিৎসা পাওয়া সম্ভব হয় না। প্রায়শই রোগীদের দিনাজপুর বা রংপুরে স্থানান্তরের সময় মৃত্যুঝুঁকি তৈরি হয়।
তাঁরা বলেন, পার্শ্ববর্তী জেলা গুলোর তুলনায় পঞ্চগড় এখনো চিকিৎসা সুবিধায় পিছিয়ে রয়েছে। অথচ চীনের অর্থায়নে যে ১০০০ শয্যার হাসপাতাল ও মেডিক্যাল কলেজ স্থাপন পরিকল্পনা ছিল, সেটি ভারতের আপত্তিতে থমকে গেছে। বক্তারা দাবি করেন, পঞ্চগড়ে শত শত একর নির্ভেজাল জমি রয়েছে, যা হাসপাতাল স্থাপনের জন্য উপযুক্ত।
বক্তব্য দেন জেলা বিএনপি, জামায়াতে ইসলাম, জাগপা, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, গণধিকার পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। তাঁরা জানান, পঞ্চগড়ে এই হাসপাতাল প্রতিষ্ঠিত হলে শুধু দেশের মানুষ নয়, ভুটান, নেপাল এবং চীনের শিক্ষার্থী ও রোগীরাও চিকিৎসা ও শিক্ষাসেবা নিতে পারবে।
আন্দোলনকারীরা হুঁশিয়ারি দেন, দাবি না মানা হলে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে। আগামী ১৮ এপ্রিল, শুক্রবার, জুমার নামাজের পর চৌরঙ্গী মোড় এলাকায় আবারও গণজমায়েতের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।








