ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ছাত্রীসহ আপত্তিকর অবস্থায় ধরা, পঞ্চগড়ে শিক্ষকের গণপিটুনি ও পুলিশে সোপর্দ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, April 16, 2025 - 4:07 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 120 বার

স্নিগ্ধা খন্দকার স্টাফ রিপোর্টার:পঞ্চগড়ে নিজের কোচিং সেন্টারে এক স্কুলছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে মোস্তাফিজুর রহমান নামে এক শিক্ষক জনতার গণপিটুনির শিকার হন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ঘটনাটি ঘটে বুধবার (১৬ এপ্রিল) বিকেলে শহরের একটি কোচিং সেন্টারে।

মোস্তাফিজুর রহমান পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিত বিষয়ের শিক্ষক। পাশাপাশি তার নিজস্ব একটি কোচিং সেন্টারও রয়েছে। স্থানীয়রা জানান, তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই ছাত্রীদের শ্লীলতাহানি, অশালীন বার্তা প্রেরণসহ একাধিক অভিযোগ রয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসনের কাছে অভিযোগ করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

বুধবার দুপুরে সপ্তম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় তাকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা। প্রমাণ হিসেবে কিছু ভিডিও ধারণ করার পর তাকে আটক করে জেলা প্রশাসকের কার্যালয়ে নেওয়া হয়। সেখানে পুনরায় গণপিটুনির পর তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

প্রত্যক্ষদর্শী আসিফ আহমদ বলেন, “শিক্ষক মোস্তাফিজ দীর্ঘদিন ধরে ছাত্রীদের উত্যক্ত করে আসছেন। আমরা আজ ভিডিও প্রমাণসহ তাকে আটক করি।”
স্থানীয় মজাহারুল ইসলাম সেলিম জানান, “ছাত্রীটি আমাদের জানায়, শিক্ষক মোস্তাফিজ তাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করে এই অবস্থানে নিয়ে যান।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আনাম মো. আফতাবুর রহমান হেলালী বলেন, “এর আগেও একজন ছাত্রীকে অশ্লীল ভিডিও পাঠানোর অভিযোগে তাকে সতর্ক করা হয়েছিল। তবে আজকের ঘটনাটি সরাসরি থানা পর্যন্ত গড়িয়েছে। বিষয়টি এখন আইনগতভাবে নিষ্পত্তি হবে।”

সদর থানার পরিদর্শক (তদন্ত) এইচএসএম সোহরাওয়ার্দী বলেন, “অভিযুক্ত শিক্ষকের মোবাইল থেকে পর্ন ভিডিও পাওয়া গেছে। স্থানীয়দের ভিডিও প্রমাণও আমরা পেয়েছি। ভুক্তভোগী ছাত্রী ও তার পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”