ধামইরহাটে দূর্বৃত্তের হামলায় ছাগল ব্যবসায়ী উজ্জল খুন
মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে দূর্বৃত্তের হামলায় এক ছাগল ব্যবসায়ী খুন হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে বড়থা বাজার থেকে বাড়ী ফেরার পথে দূর্বৃত্তের হামলার শিকার হন ছাগল ব্যবসায়ী উজ্জল হোসেন।
হামলার পর পরই স্থানীয়রা তাকে উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক বংশিবাটি গ্রামের সাইদুল ইসলামের ছেলে মো. উজ্জল হোসেন (৩০) কে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা তাকে সন্ধ্যার পর বড়থা বাজারে দেখেছেন এবং সে বিভিন্ন গ্রামে ও হাটে ছাগল কেনা-বেচা করতেন বলে জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯ টার পর আড়ানগর ইউনিয়নের অধীন বড়থা বাজার থেকে নিজ বাড়ী যাওয়ার পথে শিমুলতলী এলাকায় উজ্জলকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন মোটরসাইকেল আরোহী স্থানীয় জাহিদ হাসান।
এ সময় একটি ভ্যান সেখানে এলে তৎক্ষনায় জখমী উজ্জলকে উদ্ধার করে প্রথমে বড়থা বাজার পরে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত উজ্জল হোসেন ১ ছেলে ও ১ মেয়ে সন্তানের জনক। স্বামীকে হারিয়ে কিংকর্তব্য বিমুড় হয়ে পড়েছেন উজ্জলের স্ত্রী শাকিলা বেগম। শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারে। এ রিপোট লিখা পর্যন্ত কোন মামলা হয়নি। তবে উজ্জল হোসেনের মা নাসিমা ও চাচা জাইদুল ইসলাম বাদি হয়ে একটি হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে পরিবারের লোকজন জানান।
থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন এবং ময়না তদন্তের জন্য উজ্জলের লাশ নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে বলে পত্নীতলা থানার ওসি শাহ মো. এনায়েতুর রহমান জানান। এ ঘটনায় সন্দেহভাজন আরিফ হোসেন ও সাগর হোসেন নামে দু’জনকে প্রাথমিক জিজ্ঞাসা বাদের জন্য থানায় আনা হয়েছে বলে ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম জানান।








