ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৭:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

পঞ্চগড়ে বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, May 19, 2025 - 6:21 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 112 বার

স্নিগ্ধা খন্দকার স্টাফ রিপোর্টারঃপঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক ভূক্তভোগী পরিবার। শনিবার (১৭ মে) বিকেলে আটোয়ারী প্রেস ক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রেজিনা আক্তার।

তিনি জানান, উপজেলার মির্জাপুর ইউনিয়নের নলপুখুরী গ্রামে প্রায় ১০ শতক জমির উপর তার বাবা ফজলুর রহমান ও মা সাজেদা বেগমসহ তারা দীর্ঘ ৬০ বছর ধরে বসবাস করছেন। চাকরির কারণে ভাই-বোনেরা বাইরে থাকলেও সম্প্রতি নতুন বাড়ি নির্মাণের জন্য ইট কিনে কাজ শুরু করেন তারা।

রেজিনা আক্তারের অভিযোগ, গত ৪ এপ্রিল দুপুরে তার চাচা ও চাচাতো ভাই-বোনেরা অতর্কিতভাবে হামলা চালিয়ে নগদ টাকা ও মালামালসহ প্রায় ৮ লাখ ২০ হাজার টাকার সম্পদ লুট করে নিয়ে যায় এবং ঘরবাড়ি ভাঙচুর করে। এ সময় তারা গালিগালাজও করে।

তিনি দাবি করেন, এই ঘটনার নেতৃত্ব দেন তার চাচাতো ভাই চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সিনিয়র প্রকৌশলী মকবুল হোসেন। হামলার পর পরিবারটি নিরাপত্তার অভাবে নিজ বাড়ি ছেড়ে আটোয়ারী উপজেলা শহরের একটি ভাড়া বাসায় আশ্রয় নিয়েছে।

সংবাদ সম্মেলনে রেজিনা অভিযোগ করেন, অভিযুক্তরা বাড়িতে গেলে প্রাণনাশের হুমকি দিচ্ছেন এবং পুলিশ কোনো অভিযোগ নিচ্ছে না। তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপত্তার দাবি জানান।

তবে অভিযোগ অস্বীকার করে মকবুল হোসেন বলেন, “রেজিনার সব অভিযোগ মিথ্যা। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ হয়েছে। এলাকাবাসী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সব জানেন। সেখানে আমার চাচার আড়াই শতক জমি রয়েছে। তারপরও সালিশি রায়ে তাকে আরও আড়াই শতক জমি দেওয়ার কথা বলা হয়, আমরা তাতেও সম্মত হই।”

তিনি আরও বলেন, “ঘটনাস্থলে কোনো লুটপাট বা ভাঙচুরের ঘটনা ঘটেনি। বরং রেজিনা আক্তার আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এ কারণেই থানা পুলিশ অভিযোগ গ্রহণ করেনি।”

সংবাদ সম্মেলনে ভূক্তভোগী পরিবারের সদস্যদের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমের কর্মীরাও উপস্থিত ছিলেন।