ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৯:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁর মহাদেবপুরে একদিনের ব্যতিক্রমী ফুটবল টুর্নামেন্ট

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, September 6, 2025 - 3:50 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 124 বার

মহাদেবপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁর মহাদেবপুরে আয়োজন করে একদিনের ব্যতিক্রমী ফুটবল টুর্নামেন্ট। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানে উৎসাহিত হয়ে শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মহাদেবপুর উপজেলার ডাকবাংলা মিনি স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হয়। আয়োজক ছিল মহাদেবপুর উপজেলা কৃষক দল।

এ টুর্নামেন্টে উপজেলার ১০টি ইউনিয়নের ফুটবল একাদশ, ছাত্রদল এবং কৃষক দলের দুটি দলসহ মোট ১২টি দল অংশগ্রহণ করে। খেলাগুলো তিনটি ধাপে অনুষ্ঠিত হয়, প্রথমে ৩০ মিনিট, পরে ১৫ মিনিট এবং সবশেষে ১০ মিনিট করে। ফাইনাল ম্যাচে এনায়েতপুর ইউনিয়ন ফুটবল একাদশ ১-০ গোলে খেজুর ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “খেলাধুলার প্রতি মনোযোগ থাকলে যুবসমাজ কখনো বিপথগামী হয় না। তরুণদের মাদক ও অবক্ষয় থেকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি আকর্ষণ বাড়াতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে এই আয়োজন করা হয়েছে।” তিনি আরও বলেন, “তারুণ্যই একটি জাতির সবচেয়ে বড় শক্তি। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করে ইতিবাচক সমাজ গড়ে তোলা সম্ভব।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় আইরিন খাতুন ও সুরমা জান্নাত। এছাড়াও মহাদেবপুর উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ রাজু, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, হাতুড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের শেষে প্রধান অতিথি বিজয়ী ও পরাজিত দলকে দুটি খাসি ও ট্রফি প্রদান করেন। বিশেষ সম্মাননা হিসেবে দুই নারী ফুটবল খেলোয়াড়কে ক্রেস্ট দেওয়া হয় এবং প্রতিটি খেলোয়াড়কে সান্ত্বনা মূলক মেডেল পরিয়ে দেয়া হয়। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মের মাঝে স্বাস্থ্য সচেতনতা, শৃঙ্খলা ও দলগত কাজের মানসিকতা গড়ে তুলতে সহায়ক হবে বলে আশা করেন আয়োজকরা।

স্থানীয়ভাবে এই ধরনের টুর্নামেন্টগুলি তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ায় এবং সামাজিক সম্প্রীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বেশি হতে পারে এবং এটি তরুণদের সঠিক পথে পরিচালিত করতে সহায়ক ভূমিকা রাখবে বলে বিশ্লেষকরা মনে করেন।