অস্ট্রেলিয়ার সিডনিতে মর্যাদাপূর্ণ ‘এনএসডব্লিউ ভলান্টিয়ার অফ দ্য ইয়ার’ পুরস্কার পেলেন মোঃ জুমান হোসেন
সিডনি, অস্ট্রেলিয়া: কমিউনিটিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘এনএসডব্লিউ ভলান্টিয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেছেন বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ জুমান হুসেন। সিডনির মিড ওয়েস্টার্ন সিডনি অঞ্চলে ‘অ্যাডাল্ট নমিনি’ বিভাগে তিনি এই সম্মাননা লাভ করেন।
সম্প্রতি সিডনিতে ‘দ্য সেন্টার ফর ভলান্টিয়ারিং’ এর উদ্যোগে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এই পুরস্কার বিতরণ করা হয়। নিউ সাউথ ওয়েলস রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা স্বেচ্ছাসেবকদের নিঃস্বার্থ কাজের জানাতেই এই আয়োজন। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে কমিউনিটির উন্নয়নে অবদান রাখা সেরা স্বেচ্ছাসেবকদের সম্মানিত করা হয়।
জুমান হুসেনকে এই পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছিল অস্ট্রেলিয়ান রেড ক্রস। দীর্ঘদিন ধরে তিনি অস্ট্রেলিয়ান রেড ক্রসের সঙ্গে যুক্ত থেকে মানবসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন। তার নিরলস প্রচেষ্টা ও আন্তরিক সেবার ফলেই তিনি এই গুরুত্বপূর্ণ সম্মাননার জন্য মনোনীত হন।
পুরস্কার পেয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে জুমান হুসেন বলেন, “এই সম্মাননা পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। আমাকে মনোনীত করার জন্য আমি অস্ট্রেলিয়ান রেড ক্রসের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ জানাই। একই সাথে, ‘দ্য সেন্টার ফর ভলান্টিয়ারিং’-কে এমন একটি সুন্দর আয়োজনের জন্য অসংখ্য ধন্যবাদ। আজ যারা পুরস্কার পেয়েছেন, তাদের সবাইকে আমার অভিনন্দন। সকলের সম্মিলিত প্রচেষ্টাই আমাদের কমিউনিটিকে আরও সুন্দর করে তোলে।”
এনএসডব্লিউ রাজ্য সরকারের সহযোগিতায় আয়োজিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অস্ট্রেলিয়ায় স্বেচ্ছাসেবকদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে। জুমান হুসেনের এই অর্জন অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশী কমিউনিটির জন্য একটি গর্বের বিষয় এবং এটি অন্যদেরও সমাজসেবামূলক কাজে এগিয়ে আসতে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।








