পঞ্চগড় বাংলাবান্ধা সীমান্তে ১১৭ ফুট উঁচুতে উড়ছে গৌরবের পতাকা
স্নিগ্ধা খন্দকার, স্টাফ রিপোর্টার:উত্তরের শেষ প্রান্তের জেলা পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তে, দেশের সর্বোচ্চ উচ্চতার জাতীয় পতাকা এখন আকাশে উড়ছে। ১১৭ ফুট উচ্চতার এই ফ্ল্যাগস্ট্যান্ডটি নির্মাণ করা হয়েছে জেলার পর্যটন সম্ভাবনাময় এলাকা বাংলাবান্ধায়।
মঙ্গলবার বিকেল ৩টায় ফ্ল্যাগস্ট্যান্ডটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাবেত আলী ও পুলিশ সুপার মিজানুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম কাচ্চু, সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা জামায়াতের আমির ইকবাল হোসেইন, এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহাদাত হোসেন রনজু, জেলা জাগপার সহ-সভাপতি শামসুজ্জামান বিপ্লব, গণঅধিকার পরিষদের আহ্বায়ক মাহফুজার রহমান, জেলা সমন্বয়ক ফজলে রাব্বি প্রমুখ। এছাড়া প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের সূত্রে জানা গেছে, বাংলাবান্ধা জিরো পয়েন্টের বিপরীতে ভারতের প্রান্তে প্রায় ১০০ ফুট উচ্চতার ফ্ল্যাগস্ট্যান্ডে ভারতীয় পতাকা ওড়ানো হয়। তবে বাংলাদেশের অভ্যন্তরে এর চেয়ে উচ্চ ফ্ল্যাগস্ট্যান্ড না থাকায় দীর্ঘদিন ধরে পঞ্চগড়বাসী এমন একটি ফ্ল্যাগস্ট্যান্ড স্থাপনের দাবি জানিয়ে আসছিলেন।
সেই দাবির পরিপ্রেক্ষিতে গত ১৯ এপ্রিল নির্মাণকাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাবেত আলী। নির্মাণ কাজ শেষে আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো দেশের সর্বোচ্চ উচ্চতার ফ্ল্যাগস্ট্যান্ডটি।
পর্যটনমুখী তেঁতুলিয়ায় এই নতুন সংযোজন দেখতে দেশি-বিদেশি পর্যটকদের ভিড় বাড়বে বলে আশা করছেন স্থানীয়রা।
বাংলাবান্ধায় নির্মিত এই ফ্ল্যাগস্ট্যান্ড শুধু জাতীয় গৌরবের প্রতীক নয়, বরং পঞ্চগড়ের পর্যটন সম্ভাবনাকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে বলে মনে করছেন স্থানীয়রা।








