মির্জাপুরে ৩য় স্ত্রীর পরিকল্পনায় স্বামীকে পিটিয়ে হত্যা, স্ত্রী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুরে স্ত্রীর পরিকল্পনায় স্বামীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে উপজেলার গোড়াই নাজিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ প্রধান আসামি স্ত্রী নাসরিন বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহতের নাম শহিদুল ইসলাম (৩০)। তিনি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ইসলামপুর বেলবাড়ি গ্রামের মৃত আলম মিয়ার ছেলে। শহিদুল পেশাগত কারণে মির্জাপুরের গোড়াই নাজিরপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
রোববার দুপুরে নিহতের বোন আলেয়া বেগম বাদী হয়ে শহিদুলের তৃতীয় স্ত্রী নাসরিন বেগমকে প্রধান আসামি এবং অজ্ঞাত আরও ৩–৪ জনকে আসামি করে মির্জাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বাদী আলেয়া বেগম জানান, শহিদুল তিনটি বিয়ে করেছিলেন। এক বছর আগে তার তৃতীয় স্ত্রী নাসরিনের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়। শনিবার সকালে গাজীপুরের ভাড়া বাসা থেকে নাসরিন কৌশলে শহিদুলকে গোড়াই নাজিরপাড়ায় ডেকে আনে। সেখানে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় শহিদুল ফোনে বোনকে জানায়, নাসরিন তাকে হত্যার পরিকল্পনা করছে। কিছুক্ষণ পরই কারা যেন ফোনটি কেড়ে নেয়, এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা যায়নি।
নিহতের বোন আলেয়া বেগম বলেন, “আমার ভাইকে পরিকল্পিতভাবে নাসরিনসহ কয়েকজন মিলে শহিদুলকে বাসা থেকে ডেকে নিয়ে একই এলাকার মোতালেব হোসেনের বাড়ির গলিতে নিয়ে যায় এবং লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এক পর্যারে মাটিতে লুটিয়ে পড়লে নাসরিন গুরুতর আহত অবস্থায় কুমুদিনী হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল ইসলাম সাংবাদিকদের জানান, মামলার প্রধান আসামি নাসরিন বেগমকে গ্রেফতার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।








