মৌলভীবাজার-৪ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেলেন মো. মুজিবুর রহমান চৌধুরী
মো:ইমরান হোসেন শ্রীমঙ্গল(মৌলভীবাজার)প্রতিনিধি:
মৌলভীবাজার-২৩৮ শ্রীমঙ্গল-কমলগঞ্জ ৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় মনোনয়ন পেয়েছেন মো. মুজিবুর রহমান চৌধুরী। দলের কেন্দ্রীয় দপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে আজ।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত দলীয় মনোনয়নপত্রে উল্লেখ করা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ আসনে দলের প্রার্থী হিসেবে মো. মুজিবুর রহমান চৌধুরীকে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।
মনোনয়নপত্র অনুযায়ী, প্রার্থী মো. মুজিবুর রহমান চৌধুরী দলের গঠনতন্ত্র ও শৃঙ্খলা মেনে নির্বাচন পরিচালনার অঙ্গীকার করেন এবং দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য প্রকাশ করেন। নির্ধারিত তারিখে মনোনয়নপত্র ইস্যু করা হয়।
এদিকে বিএনপির এই মনোনয়ন ঘোষণার পর মৌলভীবাজার-৪ আসনের দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয় বিএনপি নেতারা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় মো. মুজিবুর রহমান চৌধুরী মনোনয়ন পাওয়ায় নেতাকর্মীরা আশাবাদী।
দলীয় সূত্রে আরও জানা গেছে, শিগগিরই নির্বাচনী প্রস্তুতি ও গণসংযোগ কার্যক্রম জোরদার করা হবে।








