ঢাকা | এপ্রিল ২৬, ২০২৬ - ৫:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

পঞ্চগড়ে এইপ্রথম ২ দিনব্যাপী যুব সংসদ নীতি-পরিকল্পনায় তরুণদের অংশগ্রহণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, January 15, 2026 - 1:32 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 91 বার

স্নিগ্ধা খন্দকার, স্টাফ রিপোর্টারঃ পঞ্চগড়ে প্রথম বারের মতো ওয়ার্ডভিত্তিক সমস্যা ও সম্ভাবনা নিয়ে দুই দিনব্যাপী ‘যুব সংসদ’ অনুষ্ঠিত হবে। ১৬ ও ১৭ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ব্যারিস্টার জমির উদ্দিন সরকার কলেজিয়েট ইনস্টিটিউট মাঠে চলবে এ সংসদের কার্যক্রম। এতে মোট ২৫০ জন যুব সংসদ সদস্য অংশ নেবেন।

বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় প্রেস ক্লাবের হলরুমে আয়োজকদের প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। লিখিত বক্তব্য উপস্থাপন করেন ইয়ুথ পার্লামেন্ট সদস্য ও হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহনাফ শাহরিয়ার সোহাগ এবং পঞ্চগড় সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী লতিফা ইয়াছমিন শান্তু। উপস্থিত ছিলেন হাবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি শাকিল হাসান এবং ক্রিয়েটিভ অলিম্পিয়াড ঢাকার নির্বাহী প্রধান তন্ময় ইসলাম।
আয়োজকরা জানান, তরুণদের মধ্যে নীতি-নির্ধারণ, নেতৃত্ব ও সংসদীয় অনুশীলনের অভিজ্ঞতা তৈরি করাই এ আয়োজনের লক্ষ্য। একইসঙ্গে স্থানীয় ও জাতীয় গুরুত্বপূর্ণ সমস্যা ও সম্ভাবনা নিয়ে গঠনমূলক আলোচনার পরিবেশ তৈরি এবং সংসদীয় প্রস্তাব ও বিল উত্থাপনের চর্চা গড়ে তোলা হবে।
ওয়ার্ড পর্যায়ের প্রতিনিধিদের মাধ্যমে নিজ নিজ এলাকার সমস্যা, প্রতিবন্ধকতা ও সম্ভাবনা চিহ্নিত করে সমাধানমূলক পরিকল্পনা প্রণয়ন করা হবে। পরবর্তীতে এসব প্রস্তাব সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের কাছে সুপারিশ আকারে পাঠানো হবে।
যুব সংসদে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন আহসানিয়া মিশন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আশরাফুল ইসলাম রনি এবং ডেপুটি স্পিকার হিসেবে থাকবেন বাংলাদেশ ডিবেট ফেডারেশনের ইউনিভার্সিটি সেক্রেটারি শারমিন সুলতানা নিশি।