ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১২:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ভোটারদের নিরাপত্তা প্রশ্নে কোনো ছাড় নয়: চট্টগ্রামের ডিসি জাহিদুল ইসলাম

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, February 3, 2026 - 11:44 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 119 বার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ভোটগ্রহণ কর্মকর্তাদের জন্য মতবিনিময় সভা ও দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সততা, দায়িত্বশীলতা এবং নির্বাচন প্রক্রিয়ার প্রতি জনআস্থা রক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. নাজমুল হাসান।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, নির্বাচনের পবিত্র দায়িত্ব পালনে কোনোভাবেই বিবেক বিক্রি মেনে নেওয়া হবে না। ভোট কেন্দ্রের কক্ষের ভিতর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বটাও ভোটগ্রহণ কর্মকর্তাদের দেখতে হবে । সুষ্ঠু ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের মাধ্যমেই আগামী প্রজন্মের জন্য একটি শক্তিশালী ও গণতান্ত্রিক দেশ গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, এবারের নির্বাচন ও গণভোটে সুরক্ষা অ্যাপ, সিসিটিভি ক্যামেরা এবং বডি–ওর্ন ক্যামেরার মাধ্যমে ভোটগ্রহণ কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিং করা হবে। দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না। ভোটগ্রহণ কর্মকর্তাদের গণভোট সংক্রান্ত আইন ও বিধিবিধান সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। বিভ্রান্তিকর ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নেই।
ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, ব্যক্তিগতভাবে কারও কোনো রাজনৈতিক দলের প্রতি পছন্দ বা ভালোবাসা থাকতে পারে। তবে দায়িত্ব পালনের সময় তা প্রকাশ করা যাবে না। ভালোবাসা থাকতে হবে রাষ্ট্র ও নিজের সাংবিধানিক দায়িত্বের প্রতি।

সভায় চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন বলেন, একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনকে ঘিরে অপপ্রচার চালাতে পারে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। অস্ত্রধারী সন্ত্রাসীদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে। নির্বাচনে কোনো ধরনের পেশীশক্তি ব্যবহারের সুযোগ দেওয়া হবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি চট্টগ্রামের পরিচালক ও জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মোস্তাক আহমদ, স্থানীয় সরকার চট্টগ্রামের উপপরিচালক গোলাম মাঈনউদ্দীন হাসান, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান এবং চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বশির আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ।

দিনব্যাপী এই প্রশিক্ষণে রাঙ্গুনিয়া উপজেলার ৯২ জন প্রিজাইডিং অফিসার, ৬১০ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১ হাজার ২২০ জন পোলিং অফিসার অংশ নেন। প্রশিক্ষণে ভোটগ্রহণ আইন, দায়িত্ব ও কর্তব্য, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, ব্যালট ও গণভোট পদ্ধতি এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।