ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৬:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ময়মনসিংহের চর নিলক্ষীয়ায় বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, March 9, 2026 - 7:29 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 46 বার

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ:ময়মনসিংহ সদর উপজেলার ৭নং চর নিলক্ষীয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ) বিকেলে রাজগঞ্জ সাহেব কাচারি বাজার এলাকায় আয়োজিত এ মাহফিলে স্থানীয় বিএনপি নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মুসল্লিদের উপস্থিতিতে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান রাসেল এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহসিন আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালী বিএনপির আহ্বায়ক হেলাল আহমেদ। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবতার শিক্ষা দেয়। এই মাসে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও ঐক্য আরও সুদৃঢ় হয়। তিনি সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

প্রধান অতিথি আরও বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি সবসময় জনগণের পাশে রয়েছে। তিনি সকল নেতাকর্মীকে ধৈর্য, শৃঙ্খলা ও সংগঠনের আদর্শকে ধারণ করে কাজ করার আহ্বান জানান এবং পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালী বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াহিয়া হোসেন শাহীন, সদস্য সচিব মোঃ আজহারুল ইসলাম বুলবুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ এবং সদস্য আব্দুস ছালাম। বক্তারা তাদের বক্তব্যে বলেন, রমজান মাস শুধু ইবাদতের মাস নয়, এটি মানুষের কল্যাণে কাজ করারও একটি গুরুত্বপূর্ণ সময়। তারা সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায় প্রতিষ্ঠার জন্য সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় রাজনৈতিক নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি তারা রমজানের পবিত্রতা রক্ষা করে সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর উপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে ইফতারের আগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।

স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর অংশগ্রহণে দোয়া ও ইফতার মাহফিলটি একটি ধর্মীয় ও সামাজিক মিলনমেলায় পরিণত হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে মানুষের মাঝে সম্প্রীতি ও ঐক্য জোরদার করার চেষ্টা অব্যাহত থাকবে।