ঢাকা | এপ্রিল ২৭, ২০২৬ - ৭:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল ও গ্যাস মজুদ, দুই প্রতিষ্ঠানে ১ লাখ টাকা জরিমানা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, March 27, 2026 - 4:30 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 47 বার

মোঃ ইমরান হোসেন শ্রীমঙ্গল(মৌলভীবাজার)প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাঁতগাও এলাকায় অবৈধভাবে দাহ্য পদার্থ (তেল ও গ্যাস) মজুদ রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।

শ্রীমঙ্গল উপজেলার সাঁতগাও এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মহিবুল্লাহ আকন। অভিযানে দেখা যায়, প্রয়োজনীয় লাইসেন্স ও নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই ঝুঁকিপূর্ণভাবে তেল ও গ্যাস মজুদ করে রাখা হয়েছে, যা জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।

অভিযানে মেসার্স শান্ত এন্টারপ্রাইজকে অবৈধভাবে তেল মজুদ রাখার দায়ে ৫০ হাজার টাকা এবং ন্যাশনাল ট্রেডিংকে গ্যাস মজুদ রাখার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পেট্রোলিয়াম আইন, ১৯৩৪ এবং দ্য পেট্রোলিয়াম রুলস, ২০১৬ অনুযায়ী লাইসেন্স ছাড়া দাহ্য পদার্থ সংরক্ষণ ও মজুদ রাখা দণ্ডনীয় অপরাধ। একইসঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা অনুযায়ী জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের ক্ষমতা রয়েছে ভ্রাম্যমাণ আদালতের।
এছাড়া, ভ্রাম্যমাণ আদালত আইন, ২০০৯-এর অধীনে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ ধরনের অপরাধে তাৎক্ষণিক বিচার ও জরিমানা আদায় করতে পারেন।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মহিবুল্লাহ আকন বলেন,
“অবৈধভাবে দাহ্য পদার্থ মজুদ রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে। আইন অনুযায়ী এ ধরনের অপরাধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং কেউ আইন অমান্য করলে ছাড় দেওয়া হবে না।”
এ অভিযানের ফলে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রশাসনের পক্ষ থেকে সকল ব্যবসায়ীকে বৈধ লাইসেন্স গ্রহণ ও নিরাপত্তা বিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।