ঢাকা | এপ্রিল ২৪, ২০২৬ - ১২:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কমলগঞ্জে ৬৩০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, April 13, 2026 - 8:58 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 64 বার
রাজন আবেদীন রাজু, স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও পতিত জমি চাষের আওতায় আনতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ কার্যক্রমের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী কৃষকদের হাতে প্রণোদনার উপকরণ তুলে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়ের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
কৃষি বিভাগ জানায়, চলতি আউশ ও খরিপ-১ মৌসুমে আবাদ সম্প্রসারণ এবং উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ সহায়তা প্রদান করা হচ্ছে। এর অংশ হিসেবে উপজেলার ৬ হাজার ৩০০ জন কৃষককে প্রত্যেককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করা এবং উৎপাদন খরচ কমাতে সরকার ধারাবাহিকভাবে এমন সহায়তা দিয়ে যাচ্ছে। এতে করে কৃষকরা আরও উৎসাহ নিয়ে চাষাবাদে আগ্রহী হবেন বলে আশা করা হচ্ছে।
বিতরণ কার্যক্রমে অংশ নেওয়া কৃষকরা জানান, সময়মতো সরকারি সহায়তা পাওয়ায় তারা চলতি মৌসুমে চাষাবাদে নতুন উদ্যম পাচ্ছেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও কৃষি বিভাগের মাঠপর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন।