ঢাকা | মে ২৮, ২০২৬ - ১১:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

এক গ্রামের ৬ জনের জানাজা, টাঙ্গাইল দুর্ঘটনায় কাঁদছে মান্দার রাজেন্দ্রবাটি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, May 27, 2026 - 3:54 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 14 বার
নওগাঁ প্রতিনিধিঃ টাঙ্গাইলে সংঘটিত ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ৯ জনই নওগাঁর মান্দা উপজেলার ১নং ভাঁরশো ইউনিয়নের বাসিন্দা। নিহতদের বাড়ি ইউনিয়নের রাজেন্দ্রবাটি (ডেবরা), পাকুড়িয়া ও মুজিতপুর গ্রামে। এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতদের মধ্যে মজিতপুর গ্রামের মোহাম্মদ মইনুর ইসলাম (৩০) এবং পাকুড়িয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে মোহাম্মদ মাইনুল (২৭) ও মোহাম্মদ গিয়াস (২২)-এর জানাজা সোমবার রাতেই অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ১০টায় রাজেন্দ্রবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ধানক্ষেতে আরও ৬ জন নিহতের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
যৌথ জানাজায় উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, উপজেলা বিএনপির সভাপতি এম এ মতিন, সিনিয়র সহ-সভাপতি মখলেছুর রহমান মকে, জেলা জামায়াতে ইসলামীর আমির খন্দকার আব্দুর রাকিবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিরা। জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আত্মীয়-স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
জানাজা সম্পন্ন হওয়া নিহতরা হলেন—
১। মোহাম্মদ তারেক (২১), পিতা- মোঃ সুলতান
২। মোঃ আব্দুল বারেক (২৪), পিতা- মোঃ আব্দুর রশিদ
৩। মোহাম্মদ বাদশা (২৮), পিতা- মোঃ আব্দুর রহিম
৪। মোঃ সোহাগ (২১), পিতা- একাব্বর
৫। মোহাম্মদ রবিউল (২৬), পিতা- মোঃ শহিদুল
৬। মোহাম্মদ সাগর (২২), পিতা- মোহাম্মদ সাকিম
তাদের সবার বাড়ি রাজেন্দ্রবাটি গ্রামে।
স্বজন হারানোর বেদনায় ভারী হয়ে উঠেছে গ্রামগুলো। নিহতদের পরিবারের আহাজারিতে পরিবেশ হয়ে ওঠে হৃদয়বিদারক। নেতৃবৃন্দ ও স্থানীয়রা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।