দীর্ঘ ২৫ বছর পর এক ফ্রেমে রাংগুনীয়া কলেজ ছাত্রদলের ২০০১ কমিটির নেতৃবৃন্দ
নিজস্ব প্রতিবেদক, রাংগুনীয়া: দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর আবার এক ফ্রেমে বন্দি হলেন রাংগুনীয়া কলেজ ছাত্রদলের ২০০১ সালের কমিটির সাবেক নেতৃবৃন্দ। সম্প্রতি রাংগুনীয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘অনূর্ধ্ব-১৬ আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ এর ফাইনাল খেলা উপভোগ করতে এসে সাবেক এই ছাত্রনেতারা এক মিলনমেলায় মিলিত হন।
২০০১ সালের কমিটির পর দীর্ঘ ২৫ বছর কেটে গেলেও সাবেক ছাত্রনেতাদের পারস্পরিক সৌহার্দ্য ও রাজনৈতিক সুসম্পর্ক যে এতটুকু ম্লান হয়নি, খেলার মাঠে তাঁদের এই একসঙ্গে উপস্থিতি তারই প্রমাণ দেয়।
খেলা দেখতে আসা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক রাংগুনীয়া কলেজ ছাত্রদলের সভাপতি হাবীবুর রহমান হাবীব, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ, সাবেক ভিপি আনসুর, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ ফিরোজ, সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু, ছাত্রনেতা ইকবাল এবং সাবেক ছাত্রনেতা ইসমাইলসহ তৎকালীন সময়ের আরও বেশ কয়েকজন সক্রিয় কর্মী ও শুভাকাঙ্ক্ষী।
উল্লেখ্য, বিগত ১৭ বছরের স্বৈরাচারী আওয়ামী লীগের শাসনামলে চরম নির্যাতন, জেল-জুলুম ও নানামুখী বঞ্চনার শিকার হয়েছেন দলটির এই ত্যাগী নেতৃবৃন্দ। শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর একান্ত অনুগত আদর্শিক সৈনিক হিসেবে রাংগুনীয়ার জাতীয়তাবাদী রাজনীতিতে তাঁদের অবদান অত্যন্ত জোরালো ও অবিস্মরণীয়। দীর্ঘ প্রতিকূল সময় পেরিয়ে এসে রাজপথের এই পরীক্ষিত সহযোদ্ধাদের একসাথে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত অনেকেই।
খেলার বিরতিতে সাবেক ছাত্রনেতারা একে অপরের সাথে কুশল বিনিময় করেন এবং অতীতে ছাত্ররাজনীতির সোনালী ও সংগ্রামের দিনগুলোর স্মৃতিচারণ করেন।
উপস্থিত নেতৃবৃন্দ জানান, রাজনীতি যার যার জায়গায় থাকলেও সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন চিরন্তন। দীর্ঘ ২৫ বছর পর ২০২৬ সালে এসে এভাবে একসাথে হওয়া এবং তরুণদের খেলাধুলা উপভোগ করার মুহূর্তটি তাঁদের দারুণভাবে উজ্জীবিত করেছে। রাংগুনীয়া উপজেলা প্রশাসনের এই ক্রীড়া উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তাঁরা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মকে মাঠমুখী করার এমন আয়োজন প্রশংসনীয়।
খেলার মাঠে মাঠ কাঁপানো সাবেক এই ছাত্রনেতাদের একসাথে দেখে গ্যালারিতে উপস্থিত বর্তমান প্রজন্মের নেতাকর্মী ও স্থানীয় ক্রীড়ামোদী দর্শকদের মাঝেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।








