ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য অর্থনৈতিক নেটওয়ার্ক গড়ছে বিটেক ওয়ার্ল্ড
শাহবাজ খান মাশফি, ঢাকা : দেশব্যাপী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সমন্বয়ে একটি শক্তিশালী অর্থনৈতিক নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে বিটেক ওয়ার্ল্ড পিএলসি। যৌথ মূলধনী কোম্পানির অধীনে নিবন্ধিত এ পাবলিক লিমিটেড কোম্পানি ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে কার্যক্রম সম্প্রসারণ করেছে।
প্রতিষ্ঠানটির দাবি, ক্ষুদ্র উদ্যোক্তাদের এক প্ল্যাটফর্মে এনে পুঁজি, দক্ষতা ও ব্যবসায়িক সুযোগের সমন্বয়ের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরির একটি কার্যকর মডেল গড়ে তোলা হচ্ছে। এতে ঝুঁকি ও লাভের অংশীদারিত্ব নিশ্চিত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষও ব্যবসায়িক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন।
বিটেক ওয়ার্ল্ড পিএলসি প্রাথমিকভাবে সারা দেশে এক হাজার ‘বিটেক সুপার শপ’ স্থাপনের পরিকল্পনা নিয়েছে। এরই মধ্যে ১০টির বেশি শপ চালু হয়েছে এবং আরও ৫টি শপ উদ্বোধনের প্রক্রিয়ায় রয়েছে। প্রতিষ্ঠানটির মতে, এসব সুপার শপ শুধু বিক্রয়কেন্দ্র নয়, স্থানীয় উদ্যোক্তাদের জন্য ব্যবসায়িক হাব হিসেবেও কাজ করছে।
সুপার শপের পাশাপাশি ফার্মেসি নেটওয়ার্ক, বায়িং হাউস, সরবরাহ ও ডিস্ট্রিবিউশন চেইনসহ বিভিন্ন খাতে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক বাজারে প্রবেশ এবং একটি শক্তিশালী বহুজাতিক প্রতিষ্ঠানে পরিণত হওয়াই তাদের লক্ষ্য।
এ বিষয়ে অর্থনীতিবিদ অধ্যাপক ড. ফেরদৌস নাহার বলেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের একত্রিত করে বৃহৎ অর্থনৈতিক শক্তিতে রূপান্তরের এ উদ্যোগ সফল হলে তা দেশের কর্মসংস্থান বৃদ্ধি, গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।








