ঢাকা | জুন ৮, ২০২৬ - ১:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

জমি বিরোধে মান্দায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, June 7, 2026 - 2:20 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 18 বার
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আব্দুল হামিদ (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (৭ জুন) সকাল ১০টার দিকে উপজেলার ভারশোঁ ইউনিয়নের ছুটিপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল হামিদ ওই গ্রামের মৃত মেহের আলী শাহের ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হায়দার আলী শাহ (৬২), আপেল মাহমুদ (২৫), আলেফা বিবি (৫০) ও আব্দুল মতিনকে (৪০) আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল হামিদের সঙ্গে শরিকান জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী হায়দার আলী শাহের বিরোধ চলছিল। বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। রোববার সকালে হায়দার আলী শাহের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে বিরোধপূর্ণ জমিতে হালচাষ করতে যান। এ সময় আব্দুল হামিদ বাধা দিলে তাকে লাঠি দিয়ে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তিনি ঘটনাস্থলেই মারা যান বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় বাসিন্দা উজ্জ্বল হোসেন জানান, আব্দুল হামিদের ভোগদখলীয় জমি জবরদখলের উদ্দেশ্যে প্রতিপক্ষ হালচাষ করতে গেলে তিনি বাধা দেন। এ সময় সংঘবদ্ধ হামলায় তাকে পিটিয়ে হত্যা করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, “ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”#