পঞ্চগড়ে ১১ দলের হুঁশিয়ারি: পুশইন ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি
স্নিগ্ধা খন্দকার, পঞ্চগড় প্রতিনিধি: ভারতের কথিত পুশইন এবং সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ১১ দলীয় জোটের নেতাকর্মীরা।
শুক্রবার (১২ জুন) বিকেলে পঞ্চগড় শহরের আদালত চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।
সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন, নায়েবে আমির মফিজ উদ্দিন, জেলা সেক্রেটারি দেলোয়ার হোসেন, এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক শিশির আসাদ, জাগপার সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি মাসুদ রানা এবং জেলা শিবিরের সভাপতি রাশেদ ইসলাম।
বক্তারা অভিযোগ করেন, সীমান্তে পুশইন এবং বাংলাদেশি নাগরিকদের হত্যার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে, যা দেশের সার্বভৌমত্ব ও মানবাধিকারের জন্য হুমকিস্বরূপ। তারা এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সমাবেশে বক্তারা বলেন, সীমান্তে নিরীহ বাংলাদেশি নাগরিকদের হত্যা এবং জোরপূর্বক পুশইনের মতো ঘটনা বন্ধে সরকারকে আরও কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে। তারা এ বিষয়ে কূটনৈতিক তৎপরতা জোরদার করে আন্তর্জাতিক মহলে বিষয়টি তুলে ধরারও আহ্বান জানান।
এ সময় নেতারা অভিযোগ করেন, বর্তমান সীমান্ত পরিস্থিতি মোকাবিলায় সরকারের অবস্থান যথেষ্ট শক্তিশালী নয়। তারা অবিলম্বে সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান। অন্যথায়, জনগণকে সঙ্গে নিয়ে সীমান্ত এলাকায় মানবঢাল গড়ে তোলাসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।
সমাবেশে ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। বক্তারা দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারের প্রতি জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।








