কোরিয়ায় অভিবাসী শ্রমিকদের ক্ষোভ: কর্মস্থল বদলের অধিকার চেয়ে আন্দোলনের ঘোষণা
দক্ষিণ কোরিয়া প্রতিনিধি: দক্ষিণ কোরিয়ায় কর্মরত অভিবাসী শ্রমিকদের কর্মস্থল পরিবর্তনের স্বাধীনতা ও শ্রম অধিকার প্রতিষ্ঠার দাবিতে সিউলে এক ‘সাক্ষ্য প্রদান সভা’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ জুন) কোরিয়ান কনফেডারেশন অব ট্রেড ইউনিয়নস (KCTU)-এর কেন্দ্রে আয়োজিত এই সভায় বিভিন্ন দেশের শ্রমিকেরা তাঁদের ওপর হওয়া শোষণ ও বৈষম্যের অভিজ্ঞতা তুলে ধরেন।
শ্রমিকদের অভিযোগ, কর্মক্ষেত্রে শারীরিক-মানসিক নির্যাতন বা বকেয়া বেতনের শিকার হলেও বর্তমান ইপিএস (EPS) আইনের কারণে মালিকের অনুমতি ছাড়া কর্মস্থল পরিবর্তন করা যায় না। সভায় এক বাংলাদেশি শ্রমিক ক্ষোভ প্রকাশ করে বলেন, “মালিকের অন্যায়-অত্যাচার মুখ বুজে সহ্য করতে হয়, কারণ আইন আমাদের হাত-পা বেঁধে রেখেছে।”
কোরিয়ার মানবাধিকার সংগঠন ও ট্রেড ইউনিয়ন নেতারা এই নিয়মকে মানবাধিকার পরিপন্থী উল্লেখ করে অভিবাসী শ্রমিকদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছেন।
প্রধান দাবিসমূহ:
স্বাধীন কর্মস্থল পরিবর্তন: মালিকের অনুমতি ছাড়াই স্বাধীনভাবে কর্মস্থল পরিবর্তনের অধিকার দিতে হবে।
নির্যাতন বন্ধ ও সম-অধিকার: কর্মক্ষেত্রে সব ধরনের নির্যাতন বন্ধ করে কোরিয়ান শ্রমিকদের মতো সমান অধিকার ও নিরাপত্তা দিতে হবে।
বকেয়া পরিশোধ ও নিবন্ধন: বকেয়া বেতন দ্রুত পরিশোধ এবং অনিবন্ধিত শ্রমিকদের নিবন্ধনের সুযোগ দিতে হবে।
প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতারা বলেন, “আমাদের শ্রমে কোরিয়ার অর্থনীতি এগিয়ে যাচ্ছে। আমরা দয়া চাই না, ন্যায্য অধিকার চাই।” আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈষম্যমূলক আইন পরিবর্তন না হওয়া পর্যন্ত এই আন্দোলন আরও জোরালো করা হবে।








