গাইবান্ধায় নাতির কাস্তের আঘাতে দাদির মৃত্যু, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাদা
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সাঘাটায় নাতি শাকিল মিয়ার কাস্তের আঘাতে দাদি রেজেনা বেগম (৬৫) নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে গুরুতর আহত হয়েছেন দাদা আব্দুল করিম (৭০)। এ ঘটনার পর অভিযুক্ত শাকিলকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। আজ বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলার খামার পবনতাইড় গ্রামে এ ঘটনা ঘটে।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত শাকিল ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শাকিল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদক সেবনের কারণে তার স্ত্রী অভিমান করে বাবার বাড়িতে চলে যান। বুধবার (১ জুলাই) দুপুরে স্ত্রীকে ফিরিয়ে আনার বিষয় নিয়ে বাড়ির পাশের পাটক্ষেতে কাজ করার সময় দাদা-দাদির সঙ্গে শাকিলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ধারালো কাস্তে দিয়ে দাদা ও দাদিকে এলোপাতাড়ি আঘাত করে শাকিল। এতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বৃদ্ধ দম্পতি। তাদের আর্তচিৎকারে ছুটে আসেন স্থানীয় লোকজন। পরে স্বজনেরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে সেখানে নেয়ার পথেই রেজেনা বেগমের মৃত্যু হয়। আহত আব্দুল করিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে এ ঘটনার পর শাকিলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শাকিলকে আটক করেছে। এ ঘটনার পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’








